Srabanti Chatterjee: ষাটের কোঠায় বয়স, শ্রাবন্তী এবার ঠাকুমার চরিত্রে! রহস্য সমাধানে সঙ্গী ছোটপর্দার নায়িকা!
Srabanti Chatterjee in New Web Series: অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজ মুক্তি পাবে মার্চ মাসে, 'হইচই'-তে। গোয়েন্দা গল্পের ধারার সঙ্গে তাল মিলিয়ে এই সিরিজে শ্রাবন্তী উদঘাটন করবেন এক নতুন রহস্যের!

কলকাতা: এই সিরিজের ঘোষণাতেই ছিল চমক। টলিউডের প্রথম সারির নায়িকাকে এবার দেখা যাবে ঠাকুমার চরিত্রে! শুধু তাই নয়, 'ঠাকুমার ঝুলি' নামটা শুনলেই আমাদের মনে পড়ে ছোটবেলার রূপকথার গল্প। কিন্তু এই 'ঠাকুমার ঝুলি' করবে রহস্য উদঘাটন। আর সিরিজের নামভূমিকায় দেখা যাবে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে! পাশাপাশি, এই সিরিজের হাত ধরেই ওয়েবের দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল (Divyani Mondal)। এর আগে, ধারাবাহিকে 'ফুলকি'-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন দিব্য়াণী। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরেই ওয়েব সিরিজে দেখা যাবে দিব্যাণীকে। পাশাপাশি ছবির কাজেও হাত দিয়েছেন তিনি।
অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজ মুক্তি পাবে মার্চ মাসে, 'হইচই'-এর পর্দায়। বাংলা গোয়েন্দা গল্পের ধারার সঙ্গে তাল মিলিয়ে এই সিরিজে শ্রাবন্তী উদঘাটন করবেন এক নতুন রহস্যের! প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লুক। গল্পে তাঁর বয়স ষাটের কোঠায়, নাম গিরিজাবালা সান্যাল। শান্ত, ধীর স্থির, সংযত কিন্তু ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন গিরিজাবালা জীবনে ভীষণ গুরুত্ব দেন নিয়মানুবর্তিতাকে। তাঁর জীবনে বারে বারেই প্রতিকূলতা এসেছে। স্বামীকে হারিয়েছেন সময়ের অনেক আগেই, অকালে চলে গিয়েছে ছেলেও। পরিস্থিতির চাপে, যেন আরও কঠিন হয়ে উঠেছেন গিরিজাবালা।
একাকী গিরিজাবালার সঙ্গী তাঁর ৩ পোষ্য, হরি, বেলা ও ফন্টে। গল্পে এই ৩ বেড়ালের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ, কাহিনিতেও এদের ভূমিকা রয়েছে বটে। এই গল্পে একটি অন্য মোড় আসে, যখন গিরিজাবালার নাতনি, যাজ্ঞসেনী বিদেশ থেকে দেশে ফিরে আসে। যাজ্ঞসেনী ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী, পরিবারের সবচেয়ে ছোট সদস্য। বন্ধু আম্রপালী সিংহ রায়ের বিবাহে যোগ দিতেই বিদেশ থেকে ফিরে আসে সে। এই পরিবার রাজনৈতিকভাবেও বেশ প্রভাবশালী। কিন্তু বিয়ের অনুষ্ঠান চলাকালীন, বিয়ের কনে অর্থাৎ আম্রপালীর মৃত্যু ঘিরেই ঘনিয়ে ওঠে রহস্য। এই ঘটনাকে পরিবারের তরফ থেকে দুর্ঘটনা বলে দাবি করা হলেও, তা মানতে নারাজ গিরিজাবালা। তাঁর মতে, এই ঘটনা যতটা সহজ সরল বলে মনে হচ্ছে, ততটাও না।

বিষ্ণুপুর থেকে আসা যাজ্ঞসেনী এই রহস্যে বিব্রত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয়, এই রহস্যের সমাধান না হওয়া অবধি সে দেশে ফিরবে না। আর নাতনির বন্ধুর মৃত্যুতদন্তে ফের বহু বছর পরে অংশ নেন গিরিজাবালা দেবী। কোন দিকে গড়াবে এই রহস্যের মোড়, সেটা জানতে গেলে অপেক্ষা করতে হবে ওয়েব সিরিজ মুক্তির জন্য।























