Sudha Chandran: '৭ মিনিটে ৪ লিটার জল খেয়েছি', মাতা কি চৌকি-র ঘটনা নিয়ে মুখ খুললেন সুধা চন্দ্রন
Sudha Chandran News: সম্প্রতি একটি সাক্ষাৎকারে, এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন সুধা চন্দ্রন

কলকাতা: কিছুদিন আগেই অভিনেত্রী সুধা চন্দ্রনের (Sudha Chandran)- একটি ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি একটি মন্দিরে ভজন শুনতে ও পূজা অর্চনা করতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই, ভজন শুনে বিভোর হয়ে যান সুধা। কোনও ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ভজন শুনতে শুনতে লুটিয়ে পড়ছেন মাটিতে। কোনও ভিডিওতে আবার দেখা যাচ্ছে, তাঁকে ধরে রাখা যাচ্ছে না। সবাই মিলে তাঁকে ধরে রাখতে চেষ্টা করছেন আর তিনি যেন নিজের মধ্য়েই নেই। কান্নায় ভেঙ্গে পড়ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই, দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। কেউ বলছেন, অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন, তো কেউ বলছেন, ভর হয়েছে অভিনেত্রীর ওপর।
আর সম্প্রতি একটি সাক্ষাৎকারে, এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন সুধা চন্দ্রন। তিনি বলেছেন, 'আমার মনে নেই, সেই অবস্থায় আমার কী হয়ে গিয়েছিল। আমি এটাও বলব না যে, স্বয়ং দেবী আমার ভিতরে প্রবেশ করেছিলেন, কারণ এমনটা হলে শরীর ফেটে যাবে। কেউই সেই শক্তি সহ্য করতে পারে না।' তিনি আরও বলেন, 'আমার মনে হয়, সম্ভবত তাঁর কিছু অংশ আশীর্বাদ হিসাবে আমার ভিতরে প্রবেশ করেছে। আমি কেবল এতটুকুই বলতে পারি। হয়তো তাঁর উপস্থিতি ছিল, হয়তো ছিল না। আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারি না, তবে আমি অবশ্যই জানি যে, আমি ধন্য। আমি সবসময় এই বিষয়গুলোতে বিশ্বাস করি এবং এটি আমার সঙ্গে ঘটেছে।'
সুধা চন্দ্রন আরও বলেন, 'এই ঘটনার সময় বোধহয় আমার এনার্জিটা একটু বেশি ছিল। গোটা ঘটনা হওয়ার পরেই, আমি খুব ক্লান্ত হয়ে যাই। আমার পরিবার আমাকে জানিয়েছে, আমি প্রায় ৬-৭ মিনিটের মধ্যে ৪ লিটার জল পান করেছিলাম। আমার মনে হয়, এটা কি কোনও মানুষের পক্ষে সম্ভব? আমার স্বামী আমাকে বলেছিলেন যে, আমি জলের জন্য কাঁদছিলাম। লোকেরা এ নিয়ে নানা মন্তব্য করেছে। কেউ কেউ বলেছে যে আমি এখনও নিউ ইয়ার পার্টির নেশায় আছি। এই কথাগুলো শুনে হাসি পায়। আমার মনে হয়, সবার নিজস্ব চিন্তা এবং পছন্দ আছে।'
সুধা চন্দ্রন আজও তাঁর টেলিভিশন কাজের জন্য প্রশংসিত হন। সম্প্রতি তিনি নাগিনের প্রথম দুটি সিজনে চালাক এবং চক্রান্তকারী যামিনী রেজার চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে সুধা চন্দ্রন ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’, ‘ক্যুঁকি সাস ভি কভি বহু থি’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।























