Swastika Mukherjee: ২৭ বছরের পুরনো শাড়ি, মাথায় ফুল! সাজতে গিয়ে কাকে অনুকরণ করেন স্বস্তিকা?
Swastika Mukherjee News: সোশ্যাল মিডিয়ায় সেই সাজের বিশেষত্বের কথা লিখলেন নায়িকা। নীল শাড়ির সঙ্গে মাথায় ফুলেই নজরকাড়া স্বস্তিকা মুখোপাধ্যায়

কলকাতা: তিনি সবসময়েই বলেন যে, তিনি সাদামাটা থাকতে ভালবাসেন। তারকাসুলভ চাকচিক্য তাঁর আর ভাল লাগে না। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, তিনি নায়িকাদের মতো নয়, সাজতে ভালবাসেন তাঁর মায়ের মতো। আজ বিয়েবাড়ি ছিল নায়িকার। সোশ্যাল মিডিয়ায় সেই সাজের বিশেষত্বের কথা লিখলেন নায়িকা। নীল শাড়ির সঙ্গে মাথায় ফুলেই নজরকাড়া স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সেই সঙ্গে মনের কথা লিখলেন, মন খুলে।
স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বন্ধুর বিয়ে, ভরপুর সাহুগুজু চাই-ই চাই। আমলি থেকে টোটো নিয়ে গেলাম বিয়েবাড়ি। পছন্দ মতন ফুল তো পাওয়া যাচ্ছে না। টোটোদাদা কে জিজ্ঞেস করলাম, মাথায় লাগানোর ফুল কোথায় পাই? বললেন বাজারে যেতে হবে দিদি, সে অনেকটাই পথ আর উল্টো দিকে। আমার বন্ধু যার সঙ্গে বিয়েবাড়ি গেলাম তাকে বললাম, তুই ডান দিকে খোঁজ, আমি বা দিকটায় দেখি, ফুল গাছ দেখতে পেলেই লাফ মারব।
আমার বন্ধুর বাড়ি বোলপুরে, সে বলল, এখানে আদিবাসী মেয়েরা মাথায় দেয় একরকম ফুল, পলাশের মতন রং, কিন্তু পলাশ নয়, ওটা বেশ হবে। বলতে না বলতেই দেখি একটা দেওয়াল বেয়ে সূর্যের আলোর রঙের ফুল থোকা থোকা হয়ে ঝুলছে। ঝপ করে টোটো থামিয়ে, ফুল পেড়ে, ব্যাগ এ রাখা কাঁটা বের করে সঙ্গে সঙ্গে মাথায় পুট, মানির অয়েল পুট এর মতন। গন্তব্য স্থলে পৌঁছে, টোটোর আয়নায় একটু ফুল গুলো ঝড়ে পড়ছে কিনা দেখে নিয়েই হাঁটা দিলাম।























