Rajpal Yadav: 'স্ত্রীকে দেখতে যাওয়ার কথা ছিল, বদলে ওর দেহ কাঁধে করে নিয়ে এলাম', ২০ বছরেই বিপত্নীক হয়েছিলেন রাজপাল যাদব!
Rajpal Yadav News: এই প্রথম নয়, এর আগেও, ব্যক্তিগত জীবনে সমস্য়ায় জর্জরিত হয়েছেন রাজপাল যাদব। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হন রাজপাল যাদবের প্রথম স্ত্রী

কলকাতা: যাত্রাপতটা মোটেই সহজ ছিল না তাঁর। বলিউডে পরিচিত কেউ ছিলেন না। সম্পূর্ণ নতুন হিসেবে বলিউডে পা রাখা, তারপরে লড়াই করে নিজের জায়গা তৈরি করে নেওয়া এবং ধরে রাখা.. সব মিলিয়ে রাজপাল যাদব (Rajpal Yadav) হয়ে ওঠার যাত্রাটা সহজ ছিল না। তবে কেবল কর্মক্ষেত্র নয়। অভিনেতার ব্যক্তিগত জীবনেও বারে বারেই ঝড় এসেছে। বর্তমানে, মোটা টাকা ঋণ নিয়ে তা শোধ দিতে না পারার কারণে জেল হেফাজতে রয়েছেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সিনেমা তৈরি করার জন্য মোটা টাকা ধার করেছিলেন। সেই সিনেমা তৈরি হয়ে, মুক্তি পেয়ে গেলেও, তিনি টাকা শোধ দিতে পারেননি। সেই টাকার অঙ্কটা বর্তমানে বেড়ে ৯ কোটি হয়ে গিয়েছে। আর সেই ঋণ অনাদায়েই জেলে থাকতে হচ্ছে অভিনেতাকে।
তবে এই প্রথম নয়, এর আগেও, ব্যক্তিগত জীবনে সমস্য়ায় জর্জরিত হয়েছেন রাজপাল যাদব। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হন রাজপাল যাদবের প্রথম স্ত্রী। পুরনো একটি সাক্ষাৎকারে রাজপাত যাদব জানিয়েছিলেন, সন্তানের জন্ম দিতে গিয়ে প্রয়াত হন তাঁর প্রথম স্ত্রী। সেই সময়ে রাজপাল যাদবের বয়স ছিল মাত্র ২০ বছর। রাজপাল যাদব তাঁর পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি এমন একটা পরিবারে বড় হয়েছি, যেখানে একজন ছেলে উপার্জন করতে শুরু করলেই পরিবার থেকে তার বিয়ের ঠিক করে ফেলা হত এবং বিয়ে দিয়ে দেওয়া হত। আমি উপার্জন শুরু করার পরেই পরিবার থেকে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু প্রথম সন্তান প্রসবের সময়েই মারা যান আমার প্রথম স্ত্রী। আমার প্রথম সন্তান কন্যা হয়। সন্তান জন্মানোর পরেরদিনই স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল আমার। কিন্তু সেটা আর হল না, ওর সঙ্গে আর দেখা হল না। ওর দেহ কাঁধে করে নিয়ে এলাম। তবে আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে আমার মেয়ের শিশুকাল থেকেই ওঁরা দেখাশোনা করেছেন।'
১৯৯১ সালে প্রয়াত হন রাজপাল যাদবের প্রথম স্ত্রী করুণা। এরপরে রাজপাল যাদব কেরিয়ারে মন দিয়েছিলেন। নিজের পায়ে দাঁড়ানোর জন্য, অভিনয়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। দিল্লির ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করার পরে তিনি অভিনয়ে পা রাখেন। টেলিভিশন ও বড়পর্দায় কাজ করতে শুরু করেন। এরপরে, ২০০১ সালে 'দ্য হিরো' ছবির শ্যুটিংয়ে রাজপালের দেখা হয় তাঁর বর্তমান স্ত্রী রাধার সঙ্গে। ২০০৩ সালে, পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়।























