Arijit Singh: অরিজিতের বাড়িতে আমির, আসল কারণ কী ছিল? অবশেষে হল খোলসা
Arijit Singh and Aamir Khan: জানা যাচ্ছে, আমির খানের নতুন একটি ছবি, 'এক দিন'-এর জন্য প্লেব্যাক করেছেন অরিজিৎ

কলকাতা: হঠাৎ খবর ছড়াল, মুম্বই থেকে মুর্শিদাবাদে উড়ে এসেছেন আমির খান (Aamir Khan)। গন্তব্য অরিজিৎ সিংহের (Arijit Singh) বাড়ি। সেখানে এসে দিন ২ ছিলেন আমির। একদিকে যেমন কাজ হয়, পাশাপাশি চলতে থাকে মজাও। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ান আমির খান, ঘুরে বেড়ান জিয়াগঞ্জের অলিতে গলিতে। তবে আমির খানের এই মুর্শিদাবাদ আসা নিয়ে বহু জল্পনা, চর্চা। ঠিক কী কাজে এসেছিলেন অরিজিৎ?
জানা যাচ্ছে, আমির খানের নতুন একটি ছবি, 'এক দিন'-এর জন্য প্লেব্যাক করেছেন অরিজিৎ। সদ্যই অরিজিৎ সিংহ ঘোষণা করেছিলেন, তিনি আর প্লেব্যাকে কাজ করবেন না। তবে পাশাপাশি অরিজিৎ এ ও ঘোষণা করেন যে, যে গানগুলি নিয়ে ইতিমধ্যেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সেই কাজগুলি তিনি করবেন। গোটা ২০২৬ সালেই একের পর এক গান মুক্তি পাবে অরিজিতের, তিনি প্লেব্য়াকেও কাজ করবেন। তবে এরপরে, আর নতুন কোনও কাজ হাতে নেবেন না তিনি।
আজ আমির খানের প্রযোজনা সংস্থার পাতা থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, একটি রেকর্ডিং স্টুডিওতে বসে রয়েছেন আমির আর অরিজিৎ। অরিজিতের কোলে গিটার, তিনি মন দিয়ে আমির খানের ফোনে কিছু একটা দেখছেন। এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'আপনাকে অনেক ধন্যবাদ অরিজিৎ, আমাদের সিনেমা 'এক দিন'-এ প্লেব্যাক করার জন্য। আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে কাটানো ৪টে দিন যেন ম্যাজিকের মতো।'
প্রসঙ্গত, জিয়াগঞ্জে এসেছিলেন 'এক দিন' ছবির পরিচালক সন্দীপ পাণ্ডে ও সঙ্গীত পরিচালক রাম সম্পত। সেই কারণে অনেকেই মনে করছেন, আমির তাঁর নতুন ছবির গানের জন্যই দেখা করতে এসেছিলেন অরিজিতের সঙ্গে। গিয়েছিলেন রেকর্ডিং স্টুডিওতেও। কাজ শেষ করে আজ মুম্বই ফিরে গিয়েছেন আমির খান। তবে তিনি ঠিক কী কাজ করতে এসেছিলেন, এখনও সেই খবর পাওয়া যায়নি। কেবল এটুকুই জানা গিয়েছে যে, অরিজিতের বাড়িতে একেবারে সাদামাটা ভাবেই ছিলেন আমির, খেয়েছেন বাড়ির তৈরি খাবারই।
অরিজিতের পছন্দ, তাঁর রেকর্ডিংয়ের সময় আমির খান উপস্থিত থাকবেন। সেই কারণেই এসেছিলেন আমির খান।
View this post on Instagram























