Neena Gupta: মেয়েকে বড় করেছিলেন একাই, কিন্তু কেন ৫০ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নীনা গুপ্তা?
Neena Gupta Marriage: সদ্যই নীনা জানিয়েছেন, তাঁর বিয়ে কোনও সিনেমার গল্পের মতো সুন্দর ছিল না

কলকাতা: ৫০ বছর বয়সে বিয়ে করে কার্যত সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)। ২০০৮ সালে নীনা গুপ্তা দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর আগে, মেয়ে মাসাবাকে একাই মানুষ করেছিলেন নীনা, সাহায্য পাননি কারও। একা মা হিসেবেই, মেয়েকে মানুষ করেছিলেন নীনা। কিন্তু তারপরেও কেন ৫০ বছর বয়সে নতুন জীবন শুরু করলেন নীনা? সদ্যই একটি সাক্ষাৎকারে নিজের বিবাহ নিয়ে মুখ খুলেছেন নীনা গুপ্তা। কেন ৫০ বছর বয়সে বিয়ে করেছিলেন নীনা?
সদ্যই নীনা জানিয়েছেন, তাঁর বিয়ে কোনও সিনেমার গল্পের মতো সুন্দর ছিল না। তাঁর কথায়, তিনি এখন আর ভালবাসা বোঝেন না, তেমন বিশ্বাস ও করেন না। তিনি কেবলমাত্র সন্তানের প্রতি ভালবাসাই বোঝেন। একটা সময়ে তিনি মনে করেছিলেন, তিনি এ নিয়ে বই ও লিখবেন। তাঁকে প্রশ্ন করা হয়, নীনা কেন ৫০ বছর বয়সে বিয়ে করেন? অভিনেত্রী সোজাসাপ্টা জবাব দেন, তিনি বিয়েতে বিশ্বাস করেন না। কিন্তু তিনি বুঝেছিলেন, সমাজে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয়। সেই কারণে বিয়ে করা তাঁর প্রয়োজন বলে মনে হয়েছিল। নীনা বলেছিলেন, তিনি নিজের ভুল থেকে শিখেছেন।
নীনা আরও বলেন, যখন তিনি বাইরে যেতেন, তখন লোকেরা তাঁকে অদ্ভুত চোখে দেখত। কিন্তু বিয়ের পর সেই দৃষ্টি বদলে যায়। তিনি বলেন, এই কথা বলতে ভাল লাগে না, তবে সত্যি এটাই যে বিয়ে করলে সব ঠিক হয়ে যায়। তাঁর এই বক্তব্যে একটা কথা স্পষ্ট হয়ে যায় যে, তিনি মনে করেন সমাজ আজও একজন অবিবাহিত মহিলাকে আলাদা চোখে দেখে। নীনা গুপ্তা সবসময় তাঁর কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেছেন এই সাক্ষাৎকারে।
নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তা, একজন সুপরিচিত ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। তাঁর জন্ম ১৯৮৯ সালে হয়েছিল। মাসাবার বাবা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। নীনা, বিবাহ না করেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মাসাবাকে একজন সিঙ্গেল মাদার হিসেবে মানুষ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য়ই নীনা চিরকাল আলোচনার বিষয় হয়ে রয়ে গিয়েছেন। তাঁর এই সাহসী সিদ্ধান্ত যেমন অনেকেরই প্রশংসার বিষয়, অনেকেই আবার এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।























