Andhra Pradesh News: বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণ - সাধ মেটাতে আইটি- র চাকরির পাশাপাশি রাতের বেলায় চুরি করাই বেছে নিয়েছিলেন যুবক
Andhra Pradesh News: স্নাতকোত্তরের পড়াশোনা করেছেন এই যুবক। হায়দরাবাদের স্বনামধন্য একটি আইটি সংস্থায় চাকরিও করতেন। তারপরেও কেন রাতের বেলায় ডাকাতি করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেটা ভেবেই হয়রান পুলিশ।

Andhra Pradesh News: বিলাসবহুল জীবনই পছন্দ ২৭ বছরের যুবকের। সহজে অর্থ উপার্জনের জন্য তাই 'ডাকাতি'- কেই বেছে নিয়েছেন তিনি। আগে অবশ্য আইটি সংস্থায় চাকরি করতেন যুবক। কিন্তু সেই মাইনেতে যে মাত্রায় বিলাসবহুল জীবনযাপন তিনি করতে চাইছেন, তা হয়ে উঠছিল না। আর তাই 'ডাকাতি' করাটাই বেছে নিয়েছেন এই যুবক। বেশি নয়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং আরও কয়েকটি জায়গায় ইতিমধ্যেই মোট ৬০টি ডাকাতি করেছেন এই যুবক, এমনই অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত অবশ্য এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম আচ্চি মহেশ রেড্ডি। সানি নামেও পরিচিত এই যুবক। বেশ কয়েকমাস ধরে তদন্ত করেছে পুলিশ। অবশেষে জালে ধরা পড়েছে অভিযুক্ত। রাতের বেলা ডাকাতি করতেন এই যুবক। একাধিকবার অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে।
তদন্তকারীরা সানির ব্যাপারে জানতে পেরে খানিকটা অবাকই হয়েছেন। স্নাতকোত্তরের পড়াশোনা করেছেন এই যুবক। হায়দরাবাদের স্বনামধন্য একটি আইটি সংস্থায় চাকরিও করতেন। তারপরেও কেন রাতের বেলায় ডাকাতি করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেটা ভেবেই হয়রান পুলিশের তদন্তকারী আধিকারিকরা। আদতে কাকিনাড়ার বাসিন্দা সানি থাকতেন ভাইজাগের মাধবধারা এলাকায়। পড়াশোনা এবং আইটি সেক্টরে চাকরির পরেও ডাকাতি করা শুরু করেছিলেন সানি, যার অন্যতম কারণ বিলাসবহুল জীবনযাপন করা। একটী বিলাসবহুল বিএমডব্লু গাড়ি রয়েছে সানির। একাধিকবার বিদেশে ঘুরতেও গিয়েছেন তিনি। আর এইসব শখ পূরণের জন্য টাকার জোগাড় ডাকাতির মাধ্যমেই করতেন সানি।
অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে রাতের বেলায় সিঁধ কেটে চুরি-ডাকাতির অভিযোগ আসছিল পুলিশের কাছে। এরকম ২৬টি মামলার নিষ্পত্তি হয়েছে সানির গ্রেফতারির পর। জানা গিয়েছে, সবগুলির পিছনেই রয়েছেন সানি। মূলত গয়না এবং নগদ টাকা চুরি করতেন অভিযুক্ত যুবক। ওই ২৬টি মামলায় দেখা গিয়েছিল খোয়া গিয়েছে ২৪.৬৬ লক্ষ টাকার সোনা এবং টাকা। এর মধ্যে রয়েছে ১০৮৪ গ্রাম সোনা, ৬৪০০ গ্রামের বেশি রুপো এবং নগদ ৪০,৫০০ টাকা। সানিকে গ্রেফতার করার পর পুলিশ ৬৯৯ গ্রাম সোনার গয়না, ৩.৮ কেজির রুপোর গয়না, বিলাসবহুল বিএমডব্লু গাড়ি যা চুরির টাকায় কেনা এবং একটি বিনা নম্বরের স্কুটার ও চুরির সরঞ্জাম উদ্ধার করেছে। প্রায় ১৫.৬৩ লক্ষটাকার জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।























