নয়াদিল্লি: আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে রাঘব চাড্ডা-সহ দলের সাত সাংসদ। সেই নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন প্রবীণ সমাজকর্মী অন্না হাজারে। দিল্লিতে অন্নার ধর্নামঞ্চ থেকেই জন্ম আম আদমি পার্টির। তদানীন্তন UPA সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন রাঘবও। রাঘবের দলবদল নিয়ে এবার নিজের মতামত জানালেন অন্না। (Anna Hazare on Raghav Chadha Leaving AAP)
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাঘবের দলবদল নিয়ে মুখ খুলেছেন অন্না। তাঁর বক্তব্য, “এক দল ছেড়ে অন্য় দলে যাওয়া অন্যায়। সংবিধানে কোনও দলের নাম আছে কি? কোন পক্ষের উল্লেখ আছে কি? আমরা নিজেদের স্বার্থে এদিক থেকে ওদিক যাই, ওদিক থেকে এদিকে আসি। পক্ষ বদল করি। সংবিধান দ্বারা দেশ চালিত হয়। সংবিধান সকলের ঊর্ধ্বে।” (Raghav Chadha News)
আরও পড়ুন: বিজেপি-তে যোগ দিতেই জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা, ২৪ ঘণ্টায় ১ মিলিয়ন ফলোয়ার কমল সোশ্যাল মিডিয়ায়
আম আদমি পার্টি ছাড়ার কারণ জানাতে গিয়ে রাঘব দাবি করেন, দলের পক্ষে কথা বলতে চাপ সৃষ্টি করা হতো তাঁর উপর। সেই নিয়ে অন্নার বক্তব্য, “গণতন্ত্রে প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। কারও মতামত দমিয়ে রাখা উচিত নয়। গণতন্ত্রে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। মতবিরোধ হতে পারে, তার দরুণও বেরিয়ে যেতে পারেন অনেকে”।
তবে আম আদমি পার্টিরও সমালোচনা করেছেন অন্না। তাঁর কথায়, “গণতন্ত্রে কে কোথায় যাবেন, কোথায় থাকবেন, তা সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছের উপর নির্ভর করে। কেউ ছেড়ে গিয়ে থাকলে, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। দল ঠিকঠাক কাজ করলে যেতেন না হয়ত। দল সঠিক পথে চললে, কেউ ছেড়ে যেত না। হতে পারে অন্য় কোনও কারণ আছে।”
২০১১ সালে যে দুর্নীতিবিরোধী আন্দোলনের সূচনা করেন অন্না, সেখান থেকেই আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালদের উত্থান। পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেন কেজরিওয়াল। উচ্চশিক্ষিত, তরুণ রাঘবকে রাজনীতিতে নিয়ে আসেন কেজরিওয়ালই। তবে সময়ের সঙ্গে অন্নার সঙ্গে দূরত্ব বাড়ে কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেফতার হলে, সেই সময়ও তীব্র প্রতিক্রিয়া জানান অন্না। তাঁর দাবি ছিল, নিজের কৃতকর্মেরই ফল ভুগছেন কেজরিওয়াল।
