Bangladesh BNP Win: মুখ থুবড়ে পড়ল জামাত-জোট, জয়ী BNP-র হিন্দু প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়!
Bangladesh Election: পদ্মাপারে প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রয়াত খালেদা জিয়ার পুত্রের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতেই জয় BNP-র, খবর প্রথম আলো সূত্রে

ঢাকা: দেশে ফিরেই তারেকের বাজিমাত। ২৯৯ আসনের নির্বাচনে ২০০-র বেশি আসনে জয়ী তারেক রহমানরা। শেখ হাসিনা জমানায় জেল খেটে স্বেচ্ছা নির্বাসনে বিদেশে যেতে হয়েছিল যাঁকে, ১৭ বছর পর দেশে ফিরে ভোটযুদ্ধে বাজিমাত করলেন সেই খালেদা-পুত্র।
পদ্মাপারে প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রয়াত খালেদা জিয়ার পুত্রের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতেই জয় BNP-র, খবর প্রথম আলো সূত্রে। দেশ জুড়ে মৌলবাদের বিষ ছড়িয়েও দাগ কাটতে পারল না জামাত। জামাত-NCP জোটের দখলে ৭৭ আসন। প্রত্যাবর্তনের পরে ভোটে লড়াই, ২টি আসনেই জয়ী খালেদা পুত্র। জামাত প্রার্থীকে হারিয়ে জয়ী BNP-র হিন্দু প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়। ভারত-বিদ্বেষের জিগির তুলেও জামাতের সারজিস আলমের হার। ঢাকার ৩টি আসনে BNP-র হিন্দু প্রার্থীদের জয়। বাংলাদেশের নির্বাচনে মোট ৭ মহিলা প্রার্থীর জয়, অধিকাংশই BNP-র।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোট পড়েছে ৬১ শতাংশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় ভারত বিদ্বেষী জিগির। বেছে বেছে হিন্দু-হত্যা, ভাঙচুর, লুঠপাট। চরম নৈরাজ্যের সাক্ষী থেকেছে বাংলাদেশ। BNP জোটের জয়ের পর অরাজকতার সেই ছবিটা কী বদলাবে? পদ্মাপারের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে?
ঢাকা-১৭ এবং বগুড়া-৬, দুটি আসনেই জয়ী হয়েছেন BNP চেয়ারম্যান তারেক রহমান। অনেক পিছিয়ে থেকে ১০০-র নীচে থামতে হল মূল প্রতিপক্ষ জামাত-জোটকে। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়ে সেভাবে দাগই কাটতে পারল না ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।
BNP-র নির্বাচনী কোঅর্ডিনেশন কমিটি প্রধান নজরুল ইসলাম খান বলেন, 'আমরা আশা করি যে দুই প্রতিবেশী দেশ এবং এই দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই আমাদের নেতা তারিক রহমানকে অভিনন্দন জানানোর জন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি গণতান্ত্রিক দেশ জনগণের রায়কে স্বীকৃতি দেয়।'























