Donald Trump : চুক্তি পাকা ! আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শুল্ক প্রত্যাহারের নির্দেশে স্বাক্ষর ট্রাম্পের, ধন্যবাদ মোদির
দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়ে গেল। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি : আগেই ঘোষণা হয়েছিল। আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'বন্ধু' সম্বোধন করে ধন্যবাদও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে ১৮ শতাংশ। দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়ে গেল। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Great news for India and USA!
— Narendra Modi (@narendramodi) February 7, 2026
We have agreed on a framework for an Interim Trade Agreement between our two great nations. I thank President Trump for his personal commitment to robust ties between our countries.
This framework reflects the growing depth, trust and dynamism of… https://t.co/zs1ZLzamhd
এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ভারত ও আমেরিকার জন্য সুখবর। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাঠামোতে সম্মত হয়েছে দুই মহান দেশ। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
কর্মসংস্থান বাড়বে?
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযূষ গোয়েল জানিয়েছেন, ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার ভারতের রফতানির জন্য খুলে গেল। এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করবে। এই চুক্তির ফলে কর্মসংস্থানও বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অবশ্য় এক্স পোস্টে লিখেছেন, সম্প্রতি প্রকাশিত আমেরিকা-ভারত যৌথ বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। কিন্তু যা প্রকাশ করা হয়েছে, তা থেকে এটা স্পষ্ট যে, ভারত আর রাশিয়া থেকে তেল আমদানি করবে না। আলাদাভাবে আমেরিকা ঘোষণা করেছে যে, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনলে ২৫ শতাংশ জরিমানা পুনরায় আরোপ করা হতে পারে।
ভারত তার নিজস্ব কৃষকদের ক্ষতির বিনিময়ে আমেরিকান কৃষকদের সাহায্য করার জন্য আমদানি শুল্ক কমিয়ে দেবে। আমেরিকা থেকে ভারতের বার্ষিক আমদানি তিনগুণ বেড়ে যাবে, যা আমাদের দীর্ঘদিনের পণ্য বাণিজ্য উদ্বৃত্তকে বিলুপ্ত করে দেবে।























