Iran Unrest : উত্তপ্ত পশ্চিম এশিয়া, 'এই মুহূর্তে আমাদের বাঁচার কোনও উপায় নেই', তেলের দাম নিয়ে শঙ্কার কথা শোনালেন অর্থনীতিবিদ !
Oil Prices : আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা : ভয়াবহ আকার ধারণ করেছে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতি। একাধিক দেশে উত্তেজনার আবহ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে তার কতটা প্রভাব পড়তে চলেছে ? এনিয়ে নিজের মতামত জানালেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তিনি বলেন, "ভারতকে তার মোট তেলের চাহিদার ৯০ শতাংশ আমদানি করতে হয়। সেই ৯০ শতাংশর ৪০ থেকে ৫০ শতাংশ পশ্চিম এশিয়া থেকে আসে। আগে আরও বেশ আসত। আমরা আস্তে আস্তে রাশিয়ান তেল কিনতে শুরু করেছি বলে এখন একটু কম আসছে। কিন্তু ৪০ থেকে ৫০ শতাংশ তো কম নয়। অতএব ওখানে একটা গন্ডগোল বাঁধলে ভারতকে অবশ্যই তার ফল ভোগ করতে হবে সরাসরি। কিন্তু, তার থেকেও বড় কথা, যদি ভারত তার চাহিদা রাশিয়া থেকে মেটানোর চেষ্টা করে আরও বেশি করে, তাতেও খুব সুবিধা হবে না এই কারণে যে, পৃথিবীর বাজারে তেলের দামটা বাড়বে। কারণ, পশ্চিম এশিয়া থেকে পৃথিবীর বাজারের একটা বড় অংশের তেল জোগান হয়। তার ফলে সারা পৃথিবীতে তেলের দাম বাড়লে, রাশিয়ান তেলের দামও বাড়বে। অতএব, আমাদের এই মুহূর্তে বাঁচার কোনও উপায় নেই।"
পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধের দামামা। ইরানে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েলের । ইরানের ২৪টি প্রদেশে হামলার জেরে অন্তত ২০১ জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। পাল্টা ড্রোন আক্রমণে আমেরিকার ৫৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরানও। কার্যত জ্বলছে পশ্চিম এশিয়া। একাধিক দেশে তার প্রভাব পড়েছে। দুবাই, আবু ধাবি, দোহা পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইজরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, "বিশ্বে চলতে থাকা একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি এবং যখন দু'টি গণতন্ত্র একসঙ্গে দাঁড়ায়, তখন শান্তির জন্য কণ্ঠস্বর আরও জোরাল হয়। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্ত বিরোধের সমাধানকে সমর্থন করে। এই অঞ্চলে সমস্ত ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমস্ত দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।"























