Nitin Gadkari : ''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Nitin Gadkari Next Plan : মঙ্গলবার লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন নীতিন গড়করি। তার মাঝে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে।

কলকাতা : ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির E20 জ্বালানি নিয়ে বিতর্কের শেষ নেই। তার মাঝে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। E20 পেট্রোলের পর যানবাহন নিয়ে তিনি এমন কিছু প্রযুক্তি আনবেন বলে দাবি করেছেন, যা শুনে হতবাক সকলে।
মঙ্গলবার লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেল। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এটির উদ্বোধন করেন। ৬৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি চালু হওয়ায় দুই শহরের মধ্যে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে। উদ্বোধনের সময় গড়করি একটি বিবৃতি দেন, যার একটি অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি বহু নতুন প্রযুক্তি চালু করেছি, রোপওয়ে এবং কেবল কার। এবার আমি একটি উড়ন্ত বাসও চালু করতে চলেছি। জল থেকে উড়তে পারবে এমন একটি উড়োজাহাজও চালু করেছিলাম আমি, যেটি সমুদ্রে ল্যান্ড করেছিল।" তিনি আরও বলেন, "উড়ন্ত বাসের পাশাপাশি, আমি বিদ্যুৎ-ভিত্তিক একটি দ্রুত পরিবহন ব্যবস্থা গড়ে তুলব, যা আমার মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কখন পৌঁছাবেন, তা বুঝতেই পারবেন না।"
अब जल्द आ रही हवा में उड़ने वाली बस, केन्द्रीय परिवहन मंत्री ने क्या बोला, खुद सुनिए. #NitinGadkar pic.twitter.com/mr4kRE9VgN
— Rajesh Kumar/राजेश कुमार/راجیش (@rajeshemmc) July 14, 2026
লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় দুই শহরের মধ্যে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হয়েছে। আগে যেখানে এই দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগত, এখন তা মাত্র ৩৫ থেকে ৪৫ মিনিটে সম্পন্ন করা সম্ভব। ৬৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০১৮ সালে। প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয়ে এক্সপ্রেসওয়েটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এনএইচএআই প্রকল্পটি দুটি প্যাকেজে বিভক্ত করেছিল। প্রথম প্যাকেজটি ছিল লখনউয়ের আমাউসি এবং শহীদ পথ এলাকাকে সংযোগকারী প্রায় ১৮-কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপথ। আর দ্বিতীয় প্যাকেজটি ছিল, ৪৫-কিলোমিটার দীর্ঘ একটি গ্রিনফিল্ড অংশ, যা লখনউয়ের ১১টি এবং উন্নাওয়ের ৩১টি গ্রামের মধ্য দিয়ে গেছে। ২০২২ সালে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর, এই অংশের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়েছিল। ২০২৫ সালের অক্টোবরের মধ্যে ৪৫-কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড অংশটির কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন হয়। মঙ্গলবার থেকে এই সড়ক খুলে গেল সবার জন্য।
এমনিতেই ই-২০ পেট্রল নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এই দাবিগুলোকে ভুয়ো বলে দাবি করেছে। কিন্তু তার মাঝে উড়ন্ত বাসের ভাবনা নিয়ে আরও শোরগোল পড়ে যায়।























