LPG Gas Crisis: গ্যাস সঙ্কট মেটাতে এবার ইলেকট্রিক ডিভাইস কিনতে ভিড় গ্রাহকদের, মুহূর্তে বিরাট বিক্রি এই পণ্যগুলির
Electric alternatives sales increase: যুদ্ধের প্রভাবে তৈরী হওয়া গ্যাসের ঘাটতি নিয়ে আতঙ্ক! এলপিজির বিকল্প খুঁজতে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকেই ঝুঁকছে মানুষ।

নয়া দিল্লি: একদিকে যুদ্ধ অন্যদিকে যুদ্ধের প্রভাবে তৈরী হওয়া গ্যাসের ঘাটতির আতঙ্কে চিন্তিত আমজনতা। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে মানুষ সবকিছু ছেড়ে গ্যাস মজুত করার পেছনে ছুটে বেড়াচ্ছে। আর এখানেই ঘটছে বিভিন্ন অঘটন। সঠিক তথ্য না জেনে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে অতিরিক্ত একটি সিলিন্ডার কেনার জন্য। কেউ কেউ আবার গ্যাসের কালোবাজারির ফাঁদেও পড়ে যাচ্ছেন।
তবে এই পরিস্থিতিতে বহু মানুষ এলপিজির বিকল্প খোঁজার চেষ্টা করছে। এই বিকল্প খুঁজতে গিয়ে রান্নার জন্য ব্যবহৃত সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকেই ঝুঁকছেন। বিশেষ করে ইন্ডাকশন কুকটপের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মগুলি জানিয়েছে, শুধু গৃহস্থালি নয়, খাবারের দোকানগুলিও বিকল্পের জন্য ঝাঁপিয়ে পড়ছে এর দিকে। যার ফলে বিক্রি প্রায় ২০ গুণ বেড়েছে।
স্টোভক্রাফ্টের(Stovekraft) -এর ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র গান্ধী জানিয়েছেন, "মধ্যপ্রাচ্যে এখন যে উত্তেজনার পরিস্থিতি রয়েছে, সেই কারণে ই-কমার্স ওয়েবসাইটগুলোতে শুধু ইন্ডাকশন কুকটপের সাপ্তাহিক বিক্রি চারগুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে কর্ণাটকের হারোহাল্লিতে(Harohalli) আমাদের উৎপাদন কেন্দ্রে প্রায় দুই লক্ষ ইউনিট ইন্ডাকশন কুকটপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী আর্থিক বছরে এটি আরও বাড়ানোর পরিকল্পনাও করছি"।
ই-কমার্স সংস্থা অ্যামাজন জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইন্ডাকশন কুকটপের অর্ডার প্রায় ২০ গুণ বেড়েছে। ফ্লিপকার্ট জানিয়েছে, গত চার থেকে পাঁচ দিনে বিক্রির পরিমাণ আগের তিন থেকে চার সপ্তাহের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে। এই চাহিদা দিল্লি, কলকাতা ও উত্তরপ্রদেশে বেশি দেখা দিচ্ছে। ফ্লিপকার্ট আরও জানিয়েছে, মানুষ কেবল ইন্ডাকশন কুকটপের মধ্যেই সীমাবদ্ধ নেই। গ্রাহকরা গ্যাস-ভিত্তিক রান্নার বিকল্পের জন্য বৈদ্যুতিক কুকার, কেটলি এবং এয়ার ফ্রায়ারের মতো জিনিসগুলি কিনছেন। অ্যামাজনও এক বিবৃতিতে জানিয়েছে, “গত দু'দিনে, ইন্ডাকশন কুকটপের বিক্রি প্রায় ৩০ গুণ বেড়েছে। যেখানে শুধুমাত্র রাইস কুকার এবং বৈদ্যুতিক প্রেসার কুকারের বিক্রি চারগুণ বেড়েছে। এয়ার ফ্রায়ার এবং মাল্টি-ইউজ কেটলির বিক্রি দিন দিন বেড়ে চলেছে। দিল্লি-এনসিআর, মুম্বাই এবং বেঙ্গালুরুর কিছু অংশে গ্রাহকরা এই জিনিসগুলি বেশি কিনছেন।
ইনফিনিটি রিটেইল লিমিটেডের সিইও এবং এমডি শিবাশিষ রায় জানিয়েছেন, “ক্রোমায়, গত কয়েকদিন ধরে ইন্ডাকশন কুকটপের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।" শিবাশিষ রায় আরও বলেন যে, "শুধু ইন্ডাকশন নয়, গ্রাহকদের একসাথে একাধিক ইলেকট্রিক জিনিস কিনতেও দেখেছেন তাঁরা, যা আগে অস্বাভাবিক ছিল।"
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইন্ডাকশন কুকটপগুলি অত্যন্ত শক্তি-সাশ্রয়ী কিন্তু প্রতি ইউনিট বিদ্যুৎ-এর খরচ এলপিজির তুলনায় বেশি ব্যয়বহুল।নিয়মিত ইন্ডাকশনে রান্না করলেন প্রতি মাসে প্রায় ৬০ থেকে ১৫০ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে।
উদাহরণস্বরূপ বলা যায়, যে সমস্ত পরিবারগুলি আগে মাসে প্রায় ১৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতেন, তারা নিয়মিত ইন্ডাকশনে রান্না করলে প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন। অর্থাৎ ১২০ ইউনিট প্রতি মাসে বেশি খরচ করবেন। যদি প্রতি ইউনিট ₹৫ থেকে ₹৮ টাকা হয়, তাহলে ১২০ ইউনিটের জন্য মাসিক বিদ্যুৎ বিল পরিবারপিছু প্রায় ₹৬০০ থেকে ₹১,২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সেরা শিরোনাম























