YouTuber Mysterious Death: 'মা তোমায় খুব ভালবাসি', মেসেজের পরেই 'আত্মঘাতী' তরুণী ! ডায়েরিতে বর্ণনা 'ব্যর্থ প্রেমের'
Hyderabad News: জানা গিয়েছে, তিন বছর ধরে একটি সম্পর্কে ছিলেন কোমালি। সম্ভবত ব্রেকআপ হয়ে গিয়েছিল তাঁর। ২৭ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্ক ছিল কোমালির।

YouTuber Mysterious Death: মা-কে শেষবার মেসেজ পাঠিয়েছিলেন 'তোমায় ভালোবাসি'। তারপরেই নিজেকে শেষ করে দেন ২১ বছরের তরুণী। বিজ্ঞানের ছাত্রী বোনু কোমালি পেশায় ছিলেন একজন ইউটিউবার। তেলেঙ্গানার হায়দরাবাদে সোমবার তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি হায়দরাবাদে থাকতেন একাই। বিগত ১১ মাস ধরে হায়দরাবাদের একটি আবাসনে থাকছিলেন তিনি। জানা গিয়েছে, একটি বেসরকারি কলেজে বিএসসি ডিগ্রির পড়াশোনা করছিলেন তরুণী। ইউটিউবেও দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন ভিডিও আপলোড করতেন কোমালি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েন নিয়ে চাপে ছিলেন কোমালি। সম্ভবত সেই কারণেই নিজেকে শেষ করে দেওয়ার মতো একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, তরুণীর মা কাজ করেন কুয়েতে। তাঁর নাম বি সত্য ভারালক্ষ্মী। মারা যাওয়ার আগে মা-কেই শেষবার মেসেজ করেছিলেন কোমালি। মেসেজে তিনি লিখেছিলেন, 'তোমায় খুব ভালোবাসি মা।' এমনকি ছোট ভাইয়ের খেয়াল রাখার কথাও মা-কে বলেছিলেন মেসেজে। এই মেসেজের পরই ফোন বন্ধ হয়ে যায় কোমালির। বারবার ফোন করে মেয়েকে না পেয়ে চিন্তায় পড়ে যান তাঁর মা। কোনওভাবেই কোমালির সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাঁর এক বান্ধবীর সঙ্গে কথা বলেন বি সত্য ভারালক্ষ্মী। এরপর কোমালির বন্ধু যান তাঁর ফ্ল্যাটে। বারবার দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কোমালির ওই বন্ধু। সেই সময়েই তিনি চোখের সামনে দেখতে পান ভয়ানক দৃশ্য। সিলিং ফ্যান থেকে ঝুলছে কোমালির নিথর দেহ। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে একটি মই এবং একটি শাড়ি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার মাস ছয় আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন কোমালি।
জানা গিয়েছে, তিন বছর ধরে একটি সম্পর্কে ছিলেন কোমালি। সম্ভবত ব্রেকআপ হয়ে গিয়েছিল তাঁর। ২৭ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্ক ছিল কোমালির। তরুণীর মতো ওই যুবকও ছিলেন একজন ইউটিউবার। মারা যাওয়ার আগে তরুণী ডায়েরিতে লিখেছিলেন তাঁর সম্পর্কের কথা। পুলিশ সূত্রে খবর, ডায়েরিতে কোমালি লিখেছিলেন, 'আমি এগিয়ে যেতে ভয় পাই। কী হবে যদি ও ফিরে আসে? আমি জানি আমার ওকে যেতে দেওয়া উচিত। আমি জানি ও আমার নয়। আমি এও জানি যে ও থাকার চেষ্টাটুকুও করেনি। কিন্তু আমার একটা অংশ সবসময় অপেক্ষা করে, আশায় থাকে, ভাবে যে একদিন ও আমাকেই বেছে নেবে।' কোমালি একথাও লিখেছেন যে, 'যদি সত্যিই আমি এগিয়ে যাই এবং সেই সময় ও পিছনে ফিরে আমায় খোঁজে, তাহলে কী হবে?'
এই ঘটনায় সন্দেহজনক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। যাবতীয় ডিজিটাল এবং ফিজিক্যাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্য। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ এবং সময় জানা যাবে। তরুণীর ফোন রেকর্ড এবং মেসেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে তরুণী বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদৌ তরুণী আত্মঘাতীই হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর হলে কেন তিনি এ হেন চরম সিদ্ধান্ত নিলেন, সেই কারণও জানার চেষ্টা করছে পুলিশ।























