Delhi POCSO Case: দিল্লিতে ছ’বছরের মেয়েকে গণধর্ষণ, কাঠগড়ায় তিন নাবালক, দু’জনকে ধরা গেলেও পলাতক তৃতীয় জন
Delhi Minor Assaulted: পুলিশ সূত্রে খবর, শিশুকন্যার পরিচিত ছিল তিন অভিযুক্তই।

নয়াদিল্লি: রাজধানীর বুকে ফের ভয়াবহ ঘটনা। ছ’বছরের শিশুকন্যাকে গণধর্ষণের ঘটনা সামনে এল। আর সেই ঘটনায় নাম জড়াল এক বালক ও দুই কিশোরের। দুই নাবালককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। আর একজনের খোঁজ চলছে এই মুহূর্তে। (Delhi Minor Assaulted)
দিল্লির ভজনপুরা থেকে এই ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, গত ১৮ জানুয়ারি মেয়েটিকে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত তিন জনই নাবালক, এক জনের বয়স ১০, দ্বিতীয় জনের ১৩ এবং তৃতীয় জনের ১৬ বছর। এর মধ্যে দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বয়সে যে বড় সবার থেকে, সে বিহারে পালিয়ে গিয়েছে বলে খবর। (Delhi POCSO Case)
পুলিশ সূত্রে খবর, শিশুকন্যার পরিচিত ছিল তিন অভিযুক্তই। বাড়ির কাছে একসঙ্গে খেলাধুলোও করত তারা। ১৮ জানুয়ারি সন্ধে ৭টা নাগাদ এক আত্মীয়ার বাড়ির থেকে ফিরছিল মেয়েটি। সেই সময় কিছুর লোভ দেখিয়ে মেয়েটিকে ছাদে নিয়ে যায় ওই তিন জন। সেখানে এক এক করে তিন জন মিলে ধর্ষণ করে মেয়েটিকে। বিষয়টি সামনে আসতেই শিউরে উঠেছেন সকলে।
রাতে মেয়েটি যখন বাড়ি ফেরে, তার শরীর রক্তে ভিজে ছিল। প্রথমে মাকে আসল ঘটনা জানায়নি সে। পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে বলে জানায়। কিন্তু শরীরে তেমন কোনও আঘাত দেখতে না পেয়ে মেয়েকে চেপে ধরেন মা। আর তাতেই মাকে সব কথা খুলে বলে মেয়েটি। এর পর মেয়েকে নিয়ে থানায় ছোটেন ওই মহিলা। সেখানে ডাক্তারি পরীক্ষা হয় মেয়েটির। ছাদেও রক্তের দাগ পাওয়া যায় বলে জানা গিয়েছে।
দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “দুই নাবালককে আটক করা হয়েছে। জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় তাদের। তৃতীয় জনের খোঁজ চলছে।” ১০ বছর বয়সি অভিযুক্তের মা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। তাঁদের পরিবার মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়েছে।
নির্যাতনের শিকার মেয়েটির মা সংবাদমাধ্যমে বলেন, “একজনের মা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমার মেয়ের অবস্থা দেখে ওই সিদ্ধান্ত নেন তিনি। আমি সকলের কড়া শাস্তি চাই।”
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। অধরা অভিযুক্তের নাগাল পেতে একাধিক টিম গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
























