Gold-Silver Price Hike: মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ক্রমাগত বাড়ছে সোনার দাম, হাসি চওড়া হচ্ছে বিনিয়োগকারীদের মুখে!
Gold Price, Middle East Tension: সোনার দাম বাড়ার কারণ হল, এই মুহূর্তে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ সম্পদ হিসাবে কিনতে শুরু করেছেন। আসলে, সোনা এমন একটা ধাতু যা মুদ্রাস্ফীতি প্রতিরোধী হিসাবে পরিচিত।

মধ্য প্রাচ্যের সংঘাতের মেঘ যতই পুঞ্জীভূত হচ্ছে, বিশ্ব বাজারে ততই বাড়ছে সোনার দাম। আজ অর্থাৎ মঙ্গলবারের হিসাব ধরলে আন্তর্জাতিক বাজারে টানা পাঁচ সেশন বাড়লো সোনার দাম।হিসাব বলছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এর এপ্রিল ফিউচারের দাম ২.৫৩ শতাংশ বেড়েছে। ফলে, ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ১৯৯ টাকা। অন্যদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এর রুপোর মে মাসের ফিউচারের দাম ০.৯ শতাংশ কমেছে। কমে গিয়ে প্রতি কেজিতে দাম হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৯০ টাকা।
মঙ্গলবার হোলির কারণে প্রথমার্ধে বন্ধ থাকবে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের লেনদেন। এ দিন বিকাল ৫ টার পর আবার শুরু হবে লেনদেন।
সোনার দাম বাড়ার কারণ হল, এই মুহূর্তে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ সম্পদ হিসাবে কিনতে শুরু করেছেন। আসলে, সোনা এমন একটা ধাতু যা মুদ্রাস্ফীতি প্রতিরোধী হিসাবে পরিচিত। ফলে, মানুষ প্রচুর পরিমাণে সোনা কিনতে শুরু করেছেন। এ ছাড়াও সোনা কেনার ঢল আরও বেড়েছে এর পিছনে আরও দুটো কারণ রয়েছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়েছে। আর তার পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভও দীর্ঘ সময়ের জন্য সুদের হার বৃদ্ধি না করা নিয়েও বেড়েছে উদ্বেগ।
এর পাশাপাশি বেড়েছে ডলার সূচকও। আর তার ফলে ডলার ছাড়া অন্য মুদ্রা দিয়ে যাঁরা সোনা কিনছেন, তাঁদের জন্য সোনা আরও বেশি এক্সপেনসিভ হয়ে গিয়েছে। বর্তমানে ০.১৯ শতাংশ বেড়ে ডলার সূচক দাঁড়িয়েছে ৯৮.৫৭ ডলারে।
ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ যতদিন দরকার ততদিনই অব্যহত থাকবে। ইতিমধ্যেই পাল্টা হিসাবে ইরান সৌদি আরবের তেল ও গ্যাস উত্তোলনের পরিকাঠামোকে টার্গেট করেছে। এ ছাড়াও ইরানের হুমকির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ। ইতিমধ্যেই ইজরায়েল জানিয়ে দিয়েছে ইরানের কম্যান্ড সেন্টারগুলো লক্ষ্য করে হামলা করবে তারা।
ইরানের পাল্টা হামলার কারণে গোটা বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়াও বেড়ে গিয়েছে তেলের দামও। আর এই সবের কারণে গোটা বিশ্বেই মুদ্রাস্ফীতির উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, সোনার দাম গত বছর অর্থাৎ ২০২৫ সালে বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ। অন্যদিকে, চলতি বছর সোনার দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ। আর এই সবের পিছনে যেমন রয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনা, তেমনই রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর সোনা কেনার ধুমও।























