Vande Mataram: সরকারি অনুষ্ঠানে গাইতেই হবে 'বন্দে মাতরম', বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
Union Home Ministry: মোদি সরকারের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম' গানের সার্ধ শতবর্ষ।

কলকাতা: সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক 'বন্দে মাতরম'-এর (Vande Mataram) প্রথম ৬ স্তবক । বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সব রাজ্য সরকারকে ।
'জন গণ মন-র আগে বন্দে মাতরম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক' করা হল । কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে, তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন, কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে 'বন্দে মাতরম' গাওয়া যাবে । রাষ্ট্রপতির কোনও সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে 'বন্দে মাতরম' । মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় 'বন্দে মাতরম'-এর প্রথম ৬ স্তবক গাওয়া যেতে পারে ।
'দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতরম' । মোদি সরকারের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম' গানের সার্ধ শতবর্ষ ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাতীয় গান ‘বন্দে মাতরম’ বাজানো বা গাওয়া হলে দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানাতে হবে । জাতীয় গানের প্রতি যথাযথ মর্যাদা ও শালীনতা বজায় রাখতে এই নির্দেশিকা বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে । যে কোনও সরকারি অনুষ্ঠানে গান পরিবেশনের সময় শৃঙ্খলা ও সম্মান বজায় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে ।
ঠিক কী বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় ? নির্দেশ জারি হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে ও সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’ । যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন, সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান । পাশাপাশি বন্দে মাতরম বাজাতে হবে পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও । যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে ।
সমস্ত রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার ‘বন্দে মাতরম’-এর ছটি স্তবকই পরিবেশন করতে হবে । বিজেপির অভিযোগ, কংগ্রেসের তরফে গানটির শেষ চার স্তবক বাদ দেওয়া হয়েছিল । কিন্তু কেন হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমন নির্দেশিকা পাঠাল? জানা গিয়েছে, দেশের মানুষের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলাবদ্ধ করতে ও দেশের প্রতি সম্মান বাড়াতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ।























