Iran-Israel War: জরুরি বৈঠক চলাকালীন আছড়ে পড়ল রকেট, ইজ়রায়েলি হানায় মৃত্যু ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের
US-Israel Attack Iran: ইজ়রায়েলে ছোড়া রকেটের আঘাতেই তাঁরা মারা গিয়েছেন দাবি তেল আভিভের।

নয়াদিল্লি: রকেট হামলায় নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধান। প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠক চলাকালীন রকেট আছড়ে পড়ে বলে খবর। তাতেই মারা গিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে এবং জেনারেল আব্দুল রহিম মৌসাভি। ইজ়রায়েলে ছোড়া রকেটের আঘাতেই তাঁরা মারা গিয়েছেন দাবি তেল আভিভের। (US-Israel Attack Iran)
শুধু জেনারেল আজিজ এবং জেনারেল আব্দুলই নন, আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান মহম্মদ পকপোর এবং নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিও মারা গিয়েছেন। রবিবার সকালে ইরানই মহম্মদ এবং শামখানির মৃত্যুর কথা জানায়। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, সরকারি কাজকর্ম অব্যাহত রাখতে সাময়িক ভাবে বিশেষ পরিষদ গঠন করা হবে আপাতত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি একথা জানিয়েছেন। আয়াতোল্লার উত্তরাধিকারীর চয়ন যতদিন পর্যন্ত না হচ্ছে, তত দিন ওই কমিটিই সবকিছু দেবে বলে জানিয়েছেন তিনি। (Iran-Israel War)
ইরানের শীর্ষস্থানীয় সেনা আধিকারিক আমার হাতামিও মারা গিয়েছেন বলে খবর। একসময় পদাতিক বাহিনীর প্রধান ছিলেন তিনি। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সশস্ত্র বাহিনীর নীতি নির্ধারণের দায়িত্বেও ছিলেন। অস্ত্রশস্ত্র কেনা থেকে পশ্চিম এশিয়ার সব দেশের সঙ্গে সংযোগ রক্ষা করেন। ইরান জানিয়েছে, পাল্টা আঘাত করতে পিছপা হবে না তারা। কোনও প্রতীকী পদক্ষেপ নয়, দীর্ঘমেয়াদি পদক্ষেপ করা হবে।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সর্বত্র। ভারতে ইরানের দূতাবাসের তরফেও বিবৃতি প্রকাশ করা হয়েছে। আমেরিকা এবং ইজ়রায়েলের তীব্র নিন্দা করেছে তারা। শোকপ্রকাশ করেছে সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুতে। পৃথিবীর সব স্বাধীন এবং স্বাধীনতাকামী দেশগুলিকে হামলার নিন্দা করতে আবেদন জানিয়েছে তারা। এই আগ্রাসনের বিরুদ্ধে নীরব থাকলে অন্যায় হবে বলে মত তাদের।
খামেনেইয়ের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বিবৃতি দিয়ে বলেন, "অত্যন্ত বেদনার সঙ্গে ইরান এবং সমগ্রহ মুসলিম বিশ্বকে সমবেদনা জানাই আমরা। আগ্রাসনের শিকার হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই।" সরকারি ভাবে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানিয়েছেন তিনি।
শনিবার সকালে প্রথমে আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে ইরানে হামলা চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় খামেনেইয়ের বাড়ি ও দফতর। এর পর পাল্টা হামলা চালাতে শুরু করে ইরানও। পশ্চিম এশিয়ার একাধিক দেশে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
























