Election Commission on Richa Ghosh: কেন চূড়ান্ত তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের? স্পষ্ট করল নির্বাচন কমিশন!
Richa Ghosh, SIR Final List: রিচা ঘোষের নাম কেন নেই চূড়ান্ত তালিকায়? সেই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সিইও অফিসের এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়ে একটি পোস্ট করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে SIR-এর চূড়ান্ত তালিকা। যদিও আগামীতে আরও অনেক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে থাকবে ও সেই তালিকা অনুযায়ী নামও যোগ হতে থাকবে চূড়ান্ত তালিকায়। কিন্তু গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে সেই তালিকায় নাম নেই সদ্য বিশ্বকাপ জয়ী বাংলা ক্রিকেটার রিচা ঘোষের। এই ঘটনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ একটি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এই ঘটনার কথা বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু রিচা ঘোষের নাম কেন নেই চূড়ান্ত তালিকায়? এবার সেই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে রাত ৮টা বেজে ১৯ মিনিট একটি পোস্ট করা হয়। আর সেই পোস্টেই লেখা রয়েছে কী কারণে রিচা ঘোষের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে।
কী বলছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস?
এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে খসড়া তালিকায় রিচা ঘোষকে 'আনম্যাপড' হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তবে তাঁর এক আত্মীয় শুনানিতে এসেছিলেন ও সেখানে প্রয়োজনীয় নথিও জমা করেন। এখানে দেখা যাচ্ছে, দায়িত্ব প্রাপ্ত ERO বা AERO এই বিষয়টির নিষ্পত্তি করেননি। নির্বাচন কমিশন জানাচ্ছে, এই বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটাকে বিচার বিভাগীয় নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। এই মামলা সময়ে কেন নিষ্পত্তি হয়নি, সেই নিয়ে দায়িত্ব প্রাপ্ত ERO বা AERO-কে কারণ দর্শাতে বলা হয়েছে। সেই কারণ জানা গেলে আগামীতে পদক্ষেপ করা হবে।
#FactCheck @ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @airnews_kolkata pic.twitter.com/sDpGOrCYPz
— CEO West Bengal (@CEOWestBengal) March 1, 2026
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া চূড়ান্ত তালিকায় অনেক মানুষের নামই বিচারাধীন বা বিবেচনাধীনের তালিকায় রয়েছে। তাঁদের এই বিষয়ে দুশ্চিন্তা করতে বারণ করছেন একাধিক রাজনৈতিক নেতা থেকে আইনজীবী। আজ একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা ও মন্ত্রীর নামও বাদ পড়েছে এই তালিকা থেকে। শশী পাঁজা, গোলাম রব্বানি,আমডাঙার বিধায়ক রফিকুল রহমান, কুমারগঞ্জের বিধায়ক তোরফ হোসেন, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, কাজল শেখ সহ একাধিক ব্যক্তির নাম এদিন করেন অভিষেক।
কমিশন জানিয়ে দিয়েছে, ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা। এ ছাড়াও voters.eci.gov.in , electoralsearch.eci.gov.in ওয়েবসাইট ও ECINET অ্যাপার মাধ্যমেও চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে।























