Humayun Kabir: ১ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক হুমায়ুন কবীরের, জোট-জল্পনার মধ্য়েই গেলেন ISF বিধায়ক নৌশাদের বাড়িতে, বাম-কংগ্রেসের সঙ্গে কথা হল কী?
বিধানসভা ভোটে কার সঙ্গে যাবেন? কার সঙ্গে জোট বাঁধবেন? বাম-কংগ্রেসের সঙ্গে কথা হল কী? কী প্রতিক্রিয়া হুমায়ুনের

সোমনাথ মিত্র, সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কলকাতা: ১ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর টার্গেট ১০ লক্ষের জমায়েত। জোট নিয়ে জল্পনার মধ্য়েই আজ ফুরফুরা শরিফে, ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বাড়িতে যান হুমায়ুন কবীর।
আরও পড়ুন, "মমতা অ্যাগ্রেসিভ বোলিং করেছেন, ব্যাট করতে পারেনি ED.." ! বিস্ফোরক BJP বিধায়ক অশোক দিন্দা
মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিনই নাটকীয়ভাবে দল থেকে সাসপেন্ড! তারপর বাবরি মসজিদের শিলান্য়াস থেকে শুরু করে, 'জনতা উন্নয়ন পার্টি' নামে নতুন দল তৈরি, বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর এবার তিনি ব্রিগেডের পথে পা বাড়ালেন! রাজ্যে কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট। তার আগে, পয়লা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবীর।
কিন্তু তিনি বিধানসভা ভোটে কার সঙ্গে যাবেন? কার সঙ্গে জোট বাঁধবেন? একটি দলের সঙ্গে? না কি একাধিক দলের সঙ্গে?এই নিয়ে জল্পনার মধ্য়েই শুক্রবার হুগলির ফুরফুরা শরিফে, ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বাড়িতে যান হুমায়ুন কবীর। সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, যে কেউ আমাকে ডাকলে আমি তাঁদের কাছে যাব। আমি ডাকলে তাঁরা যদি আসে আমার কোনও অমত নেই। বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য আমার দল আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য পরাস্ত করার জন্য আমার দল।
প্রশ্ন: বাম-কংগ্রেসের সঙ্গে কথা হল কী?
হুমায়ুন কবীর : এখনই বলব না। সময় কথা বলবে।
এদিন হুমায়ুন কবীর যখন যান, সেইসময় বাড়িতে ছিলেন না নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, অফিসিয়াল কমিউনিকেশন করাটা জরুরি। এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি। একটা গঠনতন্ত্র আছে, কমিটি আছে। সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে যখন একটা অফিসিয়াল কমিউনিকেশন হবে।
হুমায়ুন কবীর বলেন,'আমার জানা নেই ওদের অফিসিয়াল কোনটা আর আন অফিসিয়াল কোনটা। যদি কারও মনে হয় তিনি একা লড়ে পারবেন, লড়তে পারেন। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবীর নেই। ' বাম-কংগ্রেস এখনও হুমায়ুন কবীরের সঙ্গে জোট বাধার কোনও ইঙ্গিত দেয়নি!তাই বারবার প্রশ্ন একটাই, শেষ অবধি হুমায়ুনের সঙ্গে কে যাবেন ভোটের ময়দানে? ব্রিগেড সমাবেশ পয়লা ফেব্রুয়ারি! আর ঠিক তার ৯ দিন পরই শুরু হতে চলেছে মসজিদ নির্মাণের কাজ!






















