India Pakistan Conflict: বাংলায় সক্রিয় জঙ্গিরা? তানিয়া পরভিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য NIA তরফে ! 'পাকিস্তান থেকে বসে, সক্রিয়..'
India Pakistan Conflict Tania Parvin ; কাশ্মীরে যখন জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, তখন আরও একবার সামনে চলে এসেছে সেই তানিয়া পরভিনের নাম !

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অপারেশন সিঁদুর থেকে অপারেশন কেল্লার। জঙ্গিদের বিরুদ্ধে যখন লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা, তখন বাংলা কি নিশ্চিন্তে রয়েছে? এই প্রশ্ন উঠছে, কারণ গত এক সপ্তাহের মধ্যেই আমাদের রাজ্যে ধরা পড়েছে তিন-তিনজন JMB জঙ্গি। আর এই প্রেক্ষাপটে ২০২০ সালে গ্রেফতার হওয়া তানিয়া পরভিন নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে NIA তরফে।
পশ্চিম সীমান্তে পাকিস্তান!বারবার শাস্তি পাওয়ার পরও সোজা হচ্ছে না যারা! এতদিন পূর্ব সীমান্ত নিয়ে নিশ্চিন্ত ছিল ভারত। কিন্তু এখন বাংলাদেশে ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমীদের যে রমরমা তাতে এই সীমান্ত নিয়েও নয়াদিল্লির প্রবল মাথাব্য়াথা।চিকেনস নেক কিংবা শিলিগুড়ি করিডরের দিকে বাংলাদেশের কট্টরপন্থী থেকে শুরু করে বাংলাদেশের সেনাকর্তাদের একাংশের কুনজর! এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে বৃহস্পতিবার রাতে, বীরভূমের নলহাটি ও মুরারই থেকে ২ সন্দেহভাজন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত আজমল হোসেন ও সাহেব আলি খানের বাড়ি বীরভূমেই। তারপর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে আব্বাসউদ্দিন মোল্লা নামে আরও একজন সন্দেহভাজন JMB জঙ্গিকে গ্রেফতার করা হয়। বর্তমানে ৩জনই STF-এর হেফাজতে রয়েছে।
খাগড়াগড়কাণ্ডে সামনে এসেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা JMB জঙ্গি যোগ।বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পশ্চিমবঙ্গে ফের এই জঙ্গি গোষ্ঠী জমি তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে STF সূত্রে দাবি করা হচ্ছে,ধৃত ৩ জন 'বীরভূম মডিউল' তৈরি করেছিল। BSF প্রাক্তন ডিআইজি সমীর মিত্র বলেন, 'এখন ঘুমিয়ে থাকার সময় নেই। আরও সতর্ক হতে হবে। আমাদের এখানে খাগড়াগড়ের মতো ঘটনা ঘটেছে, এর পর ।যদি সতর্ক না হই...।'
জঙ্গি কার্যকলাপ এবং লস্কর ই তৈবার সঙ্গে জ়ড়িত থাকার অভিযোগে,২০২০-র মার্চে তানিয়া পরভিনকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের STF। কাশ্মীরে যখন জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, তখন আরও একবার সামনে চলে এসেছে সেই তানিয়া পরভিনের নাম। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা করা হয়। পরবর্তীকালে সেই তদন্তভার যায় NIA-এর হাতে। চার্জশিটে NIA দাবি করে,পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির সঙ্গে পরিচয় ছিল তানিয়া পরভিনের। ইউনাইটেড স্টেটসি অফ ইসলাম, পাকিস্তান কি শাহজাদিয়া, কাশ্মীর কি শাহজাদিয়া, এমনই জঙ্গিদের একাধিক হোয়াটস অ্য়াপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিল তানিয়া। NIA সূত্রে দাবি, পাকিস্তান থেকে পরিচালিত এই গ্রুপগুলির উদ্দেশ্য় ছিল, কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ে উস্কানি ছড়ানো। ভারতীয়দের মগজধোলাই করা। NIA সূত্রে দাবি, হোয়াটস অ্য়াপে তানিয়ার সঙ্গে যোগাযোগ করে লস্করের ২ জঙ্গি।
একজন বিলাল দুরানি ও আরেকজন আয়েশা বুরান ওরফে আয়েশা সিদ্দিকি। দু'জনেরই বাড়ি পাকিস্তানে। NIA সূত্রে আরও দাবি করা হচ্ছে, ৭টি নম্বর থেকে বিভিন্ন সময় তানিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বিলাল। তাকে বোঝানো হত, ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে হবে। সেই কাজে সামিল করা হয়েছে তানিয়াকে। খুব দ্রুত সেও যাবে কাশ্মীরে। এমনকী জিহাদি মুভমেন্টে যোগ দিলে এমনকী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করলে টাকাও দেওয়া হবে প্রস্তাব দেওয়া হয় জঙ্গিগোষ্ঠীর তরফে!প্রাক্তন গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায় বলেন, তানিয়া পারভিন কেসে দেখা গেছে, পাকিস্তান থেকে বসে, সক্রিয়। কাশ্মীরকে যুক্ত করতে চায়। এদের মোটিভ পরিষ্কার।
অন্যদিকে রবিবার রাতে, নেপাল সীমান্ত লাগোয়া বিহারের মোতিহারিতে NIA ও বিহার পুলিশ যৌথ অভিযান চালিয়ে খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গালওয়াড্ডিকে গ্রেফতার করে। NIA-র প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গালওয়াড্ডিকে গ্রেফতার করা হয়েছে।যার সঙ্গে বব্বর খালসা জঙ্গি হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডার যোগ রয়েছে। ২০১৬ সালে জেল ভেঙে পালিয়েছিল এই কাশ্মীর সিং। NIA জানিয়েছে, জেল ভেঙে পালানোর পর থেকে রিন্ডা-সহ খালিস্তানি জঙ্গিদের যোগ ছিল কাশ্মীর সিংয়ের। খালিস্তানি জঙ্গিদের চক্রান্তে জড়িত থাকা, তাদের মদত ও টাকা জোগানো, আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা কাশ্মীর সিং গালওয়াড্ডিকে বিহারের মোতিহারি থেকে গ্রেফতার করা হয়েছে।






















