Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Jharkhand Student Protest Priyanka On Amit Shah: ঝাড়খণ্ড থেকে দিল্লি, রাঁচির রাস্তা থেকে সংসদ চত্বর,চাকরি দুর্নীতি ইস্যুতে উত্তাল হল দেশের দুই প্রান্ত।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: ঝাড়খণ্ড থেকে দিল্লি, রাঁচির রাস্তা থেকে সংসদ চত্বর,চাকরি দুর্নীতি ইস্যুতে মঙ্গলবারও উত্তাল হল দেশের দুই প্রান্ত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ঝাড়খণ্ডের যুবসমাজকে ন্যায়বিচার অবশ্যই দিতে হবে। যেভাবে তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছে, যেভাবে অত্যাচার চালানো হয়েছে, এতেই স্পষ্ট হচ্ছে রাহুল গান্ধীর মানসিকতা। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বলেন, প্রথমবার আমি দেখলাম, শাসক দলের সাংসদরা নিজেরাই প্রতিবাদ করছেন। অন্তত আমরা তাঁদের এটা করতে বাধ্য করেছি। এবার আসুন আর বিবৃতি দিন (অমিত শাহ)।
আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে বেশ কয়েকদিন ধরেই তেতে উঠছিল রাঁচি। সোমবার যা চরম আকার নেয়। দিল্লির যন্তর-মন্তরের পর রাঁচিতেও জেন-Z-র বিধানসভা ঘেরাও অভিযান ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। কিন্তু, যেখানে দিল্লির যন্তর-মন্তরের NEET প্রতিবাদের জেরে দেশের শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হয়েছে, সেখানে ইন্ডি জোটের শরিক, JMM-কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে, ছাত্র-যুবদের উপর চলেছে পুলিশের জলকামান, টিয়ারগ্যাস, লাঠি। যার প্রতিবাদে মঙ্গলবার ঝাড়খণ্ড জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। কোথাও রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ, কোথাও জোর করে আটকে দেওয়া হয় গাড়ি চলাচল। কোথাও আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিদের জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর ঝাড়খণ্ড বিজেপি নেতা ও বিরোধী দলনেতা বাবুলাল মারাণ্ডি বলেন, সরকার লাঠির জোরে সত্য গোপন করতে চায়। পড়ুয়াদের একটাই দাবি, CBI তদন্ত হোক, যাতে দোষীরা ধরা পড়ে এবং নির্দোষরা মুক্তি পায়। অথচ সরকার অনড় মনোভাব দেখিয়ে এই সাধারণ দাবিটি মানতে অস্বীকার করছে এবং বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের কণ্ঠস্বর দাবিয়ে রাখার চেষ্টা করছে; কিন্তু লাঠিপেটা করে কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। এই কণ্ঠস্বর আরও জোরালো হবে।
দিল্লিতে আন্দোলনকারী ছাত্র-যুবদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিগত কয়েক দিন ধরেই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাব চেয়ে আসছে বিরোধীরা। এরই মধ্যে রাঁচির ঘটনায় পাল্টা সুর চড়াতে শুরু করেছে বিজেপিও। দুই শিবিরের দুই দাবি নিয়েই এদিন উত্তাল হল সংসদ চত্বরও। চলল স্লোগান, পাল্টা স্লোগান। একেবারে সম্মুখসমরে দুই পক্ষ।প্রতি মঙ্গলবারের মতো এ দিনও সংসদ ভবনে আয়োজিত হয়েছিল NDA-এর ‘মঙ্গল মিলন’ বৈঠক। সেই বৈঠক শেষে ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে সংসদ চত্বরেই প্রতিবাদে ফেটে পড়েন NDA-এর সাংসদেরা।
বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, এই রাহুল গান্ধী দেশবাসীর সামনে কিছু কথা বলেন, আর সংসদে পালিয়ে বেড়ান। এই কারণে NDA-এর সাংসদরা, তাঁকে বলতে চাইছেন, পালাবেন না, পালাবেন না, আলোচনায় অংশ নিন। সংসদের মকর দ্বারের সামনে NDA-এর তরফে যখন স্লোগান উঠল ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, অপর পক্ষ থেকে পাল্টা তোপ আসে ‘অমিত শাহ ক্ষমা চান’। এরই মধ্যেই যখন প্রিয়ঙ্কা গান্ধী সংসদে এসে পৌঁছন, তখন তাঁর সামনেই ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, যখন শিক্ষা নিয়ে দু'দিনের আলোচনা চলছিল, যেখানে রাহুল গান্ধী নিজের মতামত তুলে ধরেন, যেখানে প্রিয়ঙ্কা গান্ধীও নিজের মতামত দেন। তখন অমিত শাহ কোথায় ছিলেন? তখন কেন আলোচনায় অংশ নেননি তিনি? ' আর দু'দিন সংসদে অধিবেশন চলার কথা। তার মধ্যে কি সংসদে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
Before You Go
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda





















