নয়াদিল্লি: আম আদমি পার্টি থেকে বিজেপি-তে যোগ দেওয়ার সুফল এখনও জানা যায়নি। তবে রাতারাতি বিপুল সংখ্যক অনুরাগী হারালেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা একধাক্কায় নেমে গেল অনেকটাই। মূলত কমবয়সি ছেলেমেয়ে, যাঁরা এতদিন রাঘবের প্রশংসায় মুখর ছিলেন, তাঁরাই সরে এসেছেন বলে জানা যাচ্ছে। (Raghav Chadha Loses Followers)
সমস্ত জল্পনা-কল্পনা সত্য প্রমাণিত করে, একদিন আগে বিজেপি-তে যোগ দিয়েছেন রাঘব। আসন্ন পঞ্জাব নির্বাচনে তিনি গুরুদায়িত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে অনেকেই আহত, যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রাঘবের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টেও। সরাসরি রাঘবের সমালোচনা করার পাশাপাশি, তাঁকে ‘ফলো’ করা বন্ধ করে দিয়েছেন অনেকে। (Raghav Chadha News)
ডিজিটাল যুগে নেতার জনপ্রিয়তার অনেকটাই নির্ভর করে সোশ্যাল মিডিয়ার উপর। এমনকি সোশ্যাল মিডিয়ায় কার কত ‘ফলোয়ার’, তার উপর নেতার বাজারও নির্ভর করে। বিজেপি-তে যোগ দেওয়ার পর রাতারাতি প্রায় ১ মিলিয়ন বা ১০ লক্ষের বেশি ফলোয়ার কমে গিয়েছে রাঘবের।
হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে, শুক্রবার বিজেপি-তে যোগ দেওয়ার আগে পর্যন্ত ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সি রাঘবের ‘ফলোয়ার’ সংখ্যা ছিল ১ কোটি ৪৬ লক্ষ। শনিবার সকালে তা নেমে আসে ১ কোটি ৩৫ লক্ষে। বেলা বাড়লে তা আরও কমে ১ কোটি ৩৪ লক্ষ হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতি সচেতন অল্পবয়সি ছেলেমেয়ে, বিশেষ করে Gen Z-দের মধ্যে বিপুল জনপ্রিয় রাঘব। রাঘব বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্তে তাঁদের অনেকেই হতাশ।
আরও পড়ুন: অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েকে হেনস্থা, অনলাইন গেম খেলার সময় ন্যুডস চাওয়ার অভিযোগ, গ্রেফতার যুবক
সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্যও করেছেন রাঘবের একদা অনুরাগীরা। একজন লেখেন, ‘রাঘবের থেকে একটা জিনিস শিখলাম। ঘি বের করতে আঙুল সত্যিই বাঁকাতে হয়…একটি দলের সঙ্গে হাত মিলিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া’। অন্য আর একজন লেখেন, ‘সরি ব্রো, আনফলো করতেই হচ্ছে’। তৃতীয় একজন লেখেন, ‘পঞ্জাবের গদ্দার’।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার)-র মুখপাত্র আনিশ গাওয়ান্দে জানিয়েছেন, রাঘব বিজেপি-তে যোগ দেওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় রাঘবকে ‘আনফলো’ করার ক্য়াম্পেন শুরু করেন Gen Z-রা। আনিশ বলেন, “ইন্টারনেট রাতারাতি নায়ক বানিয়ে দিতে পারে, আবার শূন্যেও নামিয়ে আনতে পারে।”
সোশ্যাল মিডিয়ায় অনুগামী হারানো নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি রাঘব। তবে এমনটা প্রত্যাশিত ছিল বলেও মনে করছেন কেউ কেউ। কারণ, আম আদমি পার্টি যখন রাঘবগে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেয়, সেই সময় Gen Z-দের তরফে রাঘবকে বিকল্প রাজনৈতিক দলের সূচনা করতে উৎসাহ জোগানো হয়েছিল। কোনও বড় দলের ছত্রছায়ায় না গিয়ে নতুন দল গড়তে আহ্বাদন জানানো হয়, তরুণ সমাজকে নিয়ে দেশগঠনের কাজে যুক্ত হতে আবেদন জানানো হয়। সেই সময় রাঘবও বিষয়টি নিয়ে জল্পনা উস্কে দেন। লেখেন, ‘গুড আইডিয়া’। যদিও শেষ পর্যন্ত বিজেপি-তেই যোগ দিলেন তিনি।
