Electric Meter: স্মার্ট মিটার সংস্থা IntelliSmart কিনে নিল আদানিরা ! কত কোটি টাকায় ? কোন কোন রাজ্যে বসবে?
Smart Prepaid Meter : স্মার্ট প্রিপেইড মিটার বসানোর দায়িত্বে এখন আদানি গ্রুপ। প্রায় ৩,০৫০ কোটি টাকায় ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আদানি গ্রুপ।

শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) আর্জেন্টিনার প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানির জন্য একটি ১০-বছরের চুক্তি পেয়েছে। যা দেশের জন্য সুখবর। আর এর মাঝে এবার স্মার্ট মিটার নিয়েও বড় পদক্ষেপ নিয়েছে আদানি। আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL) এখন থেকে স্মার্ট প্রিপেইড মিটার বসাবে দেশের বহু রাজ্যে। যদিও এই স্মার্ট মিটার নিয়ে মানুষের ক্ষোভ এখনও অব্যাহত।
উত্তর প্রদেশ সহ অন্যান্য রাজ্যে স্মার্ট প্রিপেইড মিটার বসানোর দায়িত্বে এখন আদানি গ্রুপের সংস্থা আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL)। প্রায় ৩,০৫০ কোটি টাকায় ভারতীয় স্মার্ট মিটার কোম্পানি ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড-এর (IntelliSmart Infrastructure Private Limited) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আদানি গ্রুপ। এই চুক্তির অধীনে, আদানি ইন্টেলিস্মার্টের ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। তবে, চুক্তিটি এখনও সম্পন্ন হওয়া বাকি এবং এর সঙ্গে সম্পর্কিত কিছু সংস্থার অনুমোদন এখনও মেলেনি। সবটা হয়ে গেলে কাজ শুরু করে দেবে আদানি।
কোন কোন রাজ্যে বসবে স্মার্ট মিটার -
ইন্টেলিস্মার্ট হলো ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (NIIF) এবং এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL)-এর একটি অংশীদার সংস্থা। এই সংস্থাটি লক্ষ লক্ষ বাড়িতে স্মার্ট প্রিপেইড মিটার বসাতে চলেছে। কোথায় কোথায় বসবে স্মার্ট মিটার?
১. উত্তর প্রদেশ
২. গুজরাট
৩. মধ্যপ্রদেশ
৪. বিহার
৫. আসামের মতো রাজ্যগুলিতেও বসান হবে।
আরও পড়ুন - LPG-র সঙ্কটের মধ্যে বড় সুখবর ! আর্জেন্টিনা থেকে সরবরাহ হবে LNG, কী সুবিধা মিলবে ?
স্মার্ট মিটার বসানোর উদ্দেশ্য কী?
এই মিটারগুলি বসানোর উদ্দেশ্য হলো দেশজুড়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির বিলিং ব্যবস্থাকে আরও উন্নত করা এবং বিদ্যুৎ চুরি ও অপচয় কমানো। এর মাধ্যমে, স্মার্ট মিটারের সাহায্যে বিদ্যুৎ ব্যবহারের উপর রিয়েল-টাইম নজর রাখাও সহজ হবে।
স্মার্ট মিটার ব্যবসা প্রসারিত হবে ? কী বলছেন বিশেষজ্ঞরা ?
বিশেষজ্ঞদের মতে, AESL-এর ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার এই দায়িত্ব নেওয়ার পর কোম্পানিটির স্মার্ট মিটার ব্যবসা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হবে। বর্তমানে নতুন ভাবে সংযুক্ত স্মার্ট মিটারের মোট সংখ্যা ৪৭ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে আদানি এনার্জি দেশের বৃহত্তম স্মার্ট মিটার কোম্পানিতে পরিণত হবে। আদানি এনার্জির জন্য, এই চুক্তিটি তাদের প্রচলিত ট্রান্সমিশন ব্যবসার বাইরে প্রযুক্তি-ভিত্তিক জ্বালানি পরিষেবা খাতে প্রসারিত হওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে, এর ফলে সংস্থার পরিচালনগত দক্ষতা বাড়বে এবং বৃহত্তর পরিসরে কাজ করার ফলে রক্ষণাবেক্ষণ খরচও কমবে।























