Iran Unrest : আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৭৮৭ !
Iran-US Conflict : এই পরিস্থিতিতে ইরানের বিভিন্ন প্রান্তে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তেহরান : বাড়ছে মৃতের সংখ্যা। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এমনই তথ্য তুলে ধরেছে ইরানের Red Crescent Society। তাদের বিবরণ অনুযায়ী, সাম্প্রতিক হামলায় ক্ষতি হয়েছে অন্তত ১৫৩টি শহরের। এখন পর্যন্ত মোট ৫০৪টি স্থানে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। হামলার সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩৯-এ। এই পরিস্থিতিতে ইরানের বিভিন্ন প্রান্তে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এমনই বলা হয়েছে Red Crescent Society-এর বিবৃতিতে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ ঘিরে ফুটছে গোটা বিশ্ব। এর মধ্য়ে সোমবার ডোনাল্ড ট্রাম্প কার্যত পূর্বাভাস দিয়েছেন, এই যুদ্ধ ৪-৫ সপ্তাহের বেশি চলবে। এনিয়ে বিভিন্ন দেশগুলো আড়াআড়ি ভাগ হয়ে গেছে। স্রেফ আত্মরক্ষার জন্য় আমেরিকাকে তাদের সেনা ঘাঁটি ব্য়বহারের অনুমতি দিয়েছে ব্রিটেন। ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তৈরি বলে জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি। অন্য়দিকে ইরানের পাশে দাঁড়িয়েছে চিন ও রাশিয়া।
একদিকে আমেরিকা এবং ইজরায়েল। একদিকে ইরান। ৩ দিনের যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর এই যুদ্ধ যে এখানেই থামবে না, তা-ও পরিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলেই রেখেছেন, "শুরুতে আমরা ভেবেছিলাম ৪-৫ সপ্তাহ লাগবে। তার থেকে বেশি সময় লাগলেও, আমরা তৈরি। আজই একজন বলছিল, প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে চাইছেন। তারপর তিনি বিরক্ত হয়ে পড়বেন। কিন্তু, এখানে বিরক্ত হওয়ার কোনও ব্য়াপারই নেই। সংবাদমাধ্য়মের কেউ কেউ বলছিল, আমি এক-দু'সপ্তাহে বিরক্ত হয়ে পড়ব। আমি বিরক্ত হই না। তাহলে এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমি গ্য়ারান্টি দিচ্ছি, আমাকে যা করতে হবে, আমি তাই করব। আমরা লক্ষ্য়স্থির করেছিলাম, এই মিলিটারি শাসককে সরাতে ৪ সপ্তাহ লাগবে। সেটা এক ঘণ্টায় হয়ে গেছে। আমরা অনেক এগিয়ে আছি।" অন্য়দিকে দুর্বল হলেও, ইরানও বুঝিয়ে দিয়েছে, তারাও না লড়ে কোনওমতেই নতিস্বীকার করবে না। উল্টে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ওপর আঘাত হানতে না পেরে, খামেনেই হত্য়ার বদলা নিতে আমেরিকার বন্ধু-দেশগুলোকে টার্গেট করে মিসাইল ছুঁড়তে শুরু করেছে ইরান।
সদ্য় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে তুমুল অস্থির পরিস্থিতির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। সেই রেশ কাটার আগেই এবার আরও একটা যুদ্ধ। আর যুদ্ধ মানে তো শুধু দু-তিনটে দেশের ব্য়াপার নয়। তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে বিভিন্ন শিবিরে আড়াআড়ি ভাগ হয়ে গেছে দেশগুলো।























