Viral News: 'বেরিয়ে এসে অর্ডার নিন', রাত ১১টায় ফ্ল্যাটের দরজার আচমকা হাজির ডেলিভারি এজেন্ট
Swiggy Instamart: এই গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা। ইনস্টামার্টে সাধারণ মুদির জিনিসপত্র অর্ডার করে যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাঁকে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি।

Viral News: ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ইনস্টামার্ট ব্যবহারকারী এক মহিলার। গ্রাহক এক্স মাধ্যমে শেয়ার করেছেন ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে। মহিলার অভিযোগ, রাত ১১টা নাগাদ ইনস্টামার্টের ডেলিভারি এজেন্ট আচমকাই তাঁর বাড়ির দরজায় উপস্থিত হন। তারপর ওই ডেলিভারি এজেন্ট যা করেছেন, তাতে রীতিমতো আতঙ্কে ভুগছেন মহিলা। তিনি জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি ক্ষুব্ধ, বিরক্ত এবং যথেষ্টই অস্বস্তিতে রয়েছেন।
ঠিক কী ঘটেছিল ওই মহিলা গ্রাহকের সঙ্গে
মহিলার অভিযোগ, সুইগির এক ডেলিভারি এজেন্ট সঙ্গে আরেকজনকে নিয়ে রাত ১১টা নাগাদ তাঁর বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। মহিলা জানিয়েছেন, একটি ডেলিভারি নিয়ে সমস্যা হয়েছিল তাঁর। অর্ডার পূরণ হয়নি। মানে যা যা অর্ডার করেছিলেন সব এসে পৌঁছয়নি। আর তাই রিফান্ডের দাবি করেছিলেন মহিলা। ডেলিভারি এজেন্ট মহিলার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাঁকে বলেন যেসব জিনিস তিনি পাননি, তাঁর টাকা দিয়ে দিতে। এখানেই শেষ নয়। মহিলা গ্রাহকের ফোন নম্বরও চান ওই ডেলিভারি এজেন্ট, এমনই অভিযোগ গ্রাহকের। স্বভাবতই ফোন নম্বর দিতে চাননি মহিলা। এরপরই মহিলার বাড়িতে হাজির হন ডেলিভারি এজেন্ট।
রাত ১১টা নাগাদ সঙ্গে আরেকজনকে নিয়ে আসেন তিনি। অভিযোগ, মহিলাকে বেরিয়ে এসে ডেলিভারি নিতে বলেন ওই এজেন্ট। রাতের বেলায় নিজের বাড়ির দরজায় এমন কাণ্ড ঘটায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সাময়িক ধাক্কা সামলে ডেলিভারি এজেন্ট এবং তাঁর সঙ্গীকে চলে যেতে বলেন মহিলা। কিন্তু ডেলিভারি এজেন্ট একপ্রকার নাছোড় হয়ে দাঁড়িয়ে ছিলেন মহিলা গ্রাহকের বাড়িতে, এমনই অভিযোগ উঠেছে। মহিলা জানিয়েছেন, ওই ডেলিভারি এজেন্ট বারবার বলছিলেন, মহিলার ডেলিভারি নিয়ে যে সমস্যা রয়েছে তা না মিটলে একদিনের পারিশ্রমিক পাবেন না তিনি। শেষ পর্যন্ত গ্রাহক ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে ডাকার কথা বলার পর মহিলার ফ্ল্যাটের দরজা ছেড়ে চলে যান ওই ডেলিভারি এজেন্ট এবং তাঁর সঙ্গী।
এই গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা। ইনস্টামার্টে সাধারণ মুদির জিনিসপত্র অর্ডার করে যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাঁকে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি। নিজের বাড়িতেই নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন ওই মহিলা। এক্স মাধ্যমে ওই ডেলিভারি এজেন্টের সঙ্গে নিজের কথোপকথনের অর্থাৎ চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন অভিযোগকারিণী।
I don’t think I’ll ever order from @Swiggy Instamart again.
— The Protagonist (@protagonist_xig) February 1, 2026
Tonight around 7 pm I received a partial order and then got a refund after raising the issue in cc.
At 8 pm, the delivery executive called from a Swiggy number, saying the refund would be cut from his payout and asked… pic.twitter.com/tJgESGRBE3
এক্স মাধ্যমে পুরো বিষয়টি ভাইরাল হতেই সাড়া দিয়েছে সুইগি ইনস্টামার্ট কর্তৃপক্ষ। মহিলা গ্রাহকে আশ্বাস দিয়ে তারা জানিয়েছে, এই গোটা ঘটনায় তারা নজর দেবে। মহিলা যেন তাঁর অর্ডার আইডি শেয়ার করেন। ইনস্টামার্ট ডেলিভারি এজেন্টের এই ঘটনা এক্স মাধ্যমে ওই মহিলা গ্রাহক শেয়ার করার পর নেটিজেনদের অনেকেই জানিয়েছেন, তাঁদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা। অনেকে বলেছেন, বিরক্ত হয়েছে সুইগি ইনস্টামার্ট ব্যবহার করাই ছেড়ে দিয়েছেন তাঁরা।























