Viral Video: একরত্তি পথশিশুর জন্য দোলনা কিনলেন পুলিশকর্মী, তাঁর কাজে দিলখুশ নেটিজেনদের, ভিডিও দেখলে মুখে হাসি ফুটবে আপনারও
Viral News: স্ট্যান্ড দেওয়া সুন্দর একটা দোলনা নিয়ে এসেছেন ওই পুলিশকর্মী। এরপর তরুণীর কোল থেকে বাচ্চাটিকে নিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে খেলাধুলো করে, তারপর তাকে শুইয়ে দিয়েছেন দোলনায়।

Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মাঝেই এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা এক মুহূর্তে আপনার মন ভাল করে দিতে পারে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও। মুম্বইয়ের ফুটপাতে ছোট্ট সন্তানকে নিয়ে থাকেন এক মা। অভাবের তাড়নায় বাধ্য হয়েই ওই মহিলা বেছে নিয়েছেন ফুটপাথকে। মাথার উপর পাকা ছাদ নেই। রাস্তার পাশের একফালি সংসারের সর্বত্রই দারিদ্রের ছাপ সুস্পষ্ট। কিন্তু সন্তানের জন্য একটু বেশি কিছু করার ইচ্ছে তো সব মায়েরই থাকে। তা তিনি দৈনন্দিন জীবনে যত অর্থকষ্টের সম্মুখীনই হোন না কেন। এক্ষেত্রেও তাই হয়েছে। ফুটপাথের উপরেই ছোট্ট বাচ্চাটির জন্য কাপড় টাঙিয়ে একটা দোলনার ব্যবস্থা করেছিলেন ওই মা।
দু'দিকে লাগানো দুটো বাঁশ। তার মাঝে বাঁধা একফালি কাপড়। অভাবের সংসারে ওটাই বাচ্চার দোলনা। বাচ্চা কাঁদলে হয়তো শুইয়ে দেওয়া হয় সেখানে। কিংবা মায়ের হাতে যখন হাজারও কাজ, তখন সন্তানকে ওখানে ঘুম পাড়িয়েই দুনিয়ার ঝক্কি সামলান তিনি। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক পুলিশকর্মী এসে প্রথমে লাঠি দিয়ে ভেঙে দিলেন ওই দোলনা। এটুকু দেখলে যে কেউ ভাবতেই পারেন, নির্ঘাত ফুটপাথের উপর সংসার পাতা হয়েছে বলে জোর জুলুম করে তা তুলে দিতে এসেছেন ওই পুলিশকর্মী। কিন্তু বাস্তবে ঘটনাটা একদম উল্টো। ভিডিওতে পুলিশকর্মী যেভাবে প্রথমে দোলনাটি পরীক্ষা করেছেন, তাতে স্পষ্ট বোঝা গিয়েছে যে এমন বিপজ্জনক ভাবে বাচ্চাকে রাখার ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি তাঁর।
View this post on Instagram
আসল চমক রয়েছে এরপর। দোলনা ভেঙে দিতেই বাচ্চা কোলে হাজির হয়েছেন এক তরুণী। দেখা গিয়েছে, তারপরই স্ট্যান্ড দেওয়া সুন্দর একটা দোলনা নিয়ে এসেছেন ওই পুলিশকর্মী। এরপর তরুণীর কোল থেকে বাচ্চাটিকে নিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে খেলাধুলো করে, তারপর তাকে শুইয়ে দিয়েছেন দোলনায়। বাচ্চাটিকে যাতে মশা কিংবা অন্য কোনও পোকামাকড় না কামড়াতে পারে, তার জন্য দোলনার উপরে মশারির মতো একটা আস্তরণও রয়েছে। বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ দোলনায় দোল দিয়ে বাচ্চাটির সঙ্গে খেলতে দেখা গিয়েছে পুলিশকর্মীকে। বাচ্চাটিও যে পুরো ব্যাপারটা বেশ মজা পেয়েছে তার চোখে মুখে তা স্পষ্ট। বেশ হাসি হাসি মুখে পুলিশকর্মীর সঙ্গে খেলায় মেতেছিল সে।























