নয়াদিল্লি: সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘাত, সংঘর্ষের খবরই সামনে এসেছে। তবে এবার একেবারে অন্য রকমের ভিডিও সামনে এল, যেখানে ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মিলিয়ে হিন্দি গান গাইতে দেখা গেল চিনা সৈনিকদের। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। (Indian-Chinese Soldiers Singing Video)
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি সামনে এসেছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ভিডিও-তে ভারতীয় জওয়ানদের সঙ্গে হিন্দি গানে গলা মেলাতে দেখা গিয়েছে চিনা সৈনিকদের। শাহরুখ খানের ‘মহম্মতেঁ’ ছবির ‘আখেঁ খুলি হো ইয়া হো বনধ’ গানটি গান তাঁরা। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। (Viral Video)
আরও পড়ুন: ক্রকস ছাড়া চলে না? পায়ের ক্ষতি করছেন, নিজেরও, শিশুরও, সতর্ক করলেন চিকিৎসকরা
ভিডিও-য় দেখা গিয়েছে, পাহাড়ের ঢালে এক সৈনিকের পাশে বসে রয়েছেন ভারতের এক জওয়ান। হাসিমুখে কথা বলছিলেন তাঁরা। একটা সময় পর হিন্দি গানে গলা মেলান দু’জনেই। পাশে বসে গুনগুন করতে শোনা যায় আর একজনকে। তিনি হাততালিও দেন। ভারত এবং চিন সীমান্তে এমন ঘটনা বেনজির। ফলে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এক ভারতীয় জওয়ানকেই ভিডিওটি রেকর্ড করতে দেখা যায়।
আরও পড়ুন: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
ভিডিওটি দেখে নানা জন নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। কারও কারও মতে, ভূরাজনৈতিক বিভেদ যতই থাক না কেন, মাঝখানে কাঁটাতারের বেড়া যতই উঁচু হোক না কেন, শিল্প-সংস্কৃতি সেসবের বাধা মানে না। ভারত এবং চিনের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
কবে ওই ভিডিওটি রেকর্ড করা হয়, সীমান্তের কোথায় সেটি রেকর্ড করা হয়, তা স্পষ্ট নয়। ভারতীয় জওয়ান এবং চিনা সৈনিকদের মধ্যে কোন পরিস্থিতিতে খোশগল্প চলছিল, তাও জানা যায়নি। ভারত এবং চিনের তরফেও সরকারি ভাবে এ নিয়ে বলা হয়নি কিছু। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটির প্রশংসাই করেছেন অধিকাংশ মানুষজন। এর আগেও, চিন থেকে এমন কিছু ভিডিও সামনে আসে, যাতে প্রবীণ নাগরিকদের মুখে হিন্দি গান শোনা যায়। খাবার টেবিলে বসে রাজ কপূর অভিনীত 'আওয়ারা' ছবির 'আওয়ারা হুঁ' গানে গলা মেলানো এক প্রবীণ চিনা নাগরিকের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
