শহরে বুধবার জোড়া পথ দুর্ঘটনা। ইএম বাইপাসে হেলমেটহীন বেপরোয়া বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অলকেশ হালদার নামের এক যুবকের। অন্যদিকে রেড রোডে ভিক্টোরিয়ার কাছে এক বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। শহরে হওয়া দুর্ঘটনা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, 'আমাদের দিক থেকে আমরা সব সময় প্রচুর নজর রাখার চেষ্টা করি। আমাদের সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্প আছে। ২০১৬ সালে যা মাননীয়া মুখ্যমন্ত্রী চালু করেছিলেন। এ ছাড়া অনেক স্পেশাল ড্রাইভ হয়। ভাঙড় ডিভিশনে আমরা দেখেছি। বাসন্তী হাইওয়ে কলকাতা পুলিশের আন্ডারে, এমজি রোড, ডায়মন্ড হারবার রোড, কিছু কিছু ভয়ঙ্কর স্পট রয়েছে, যেগুলো আলাদা করে শনাক্ত করেছিলাম। তারপর অনেক চেষ্টার পর দুর্ঘটনা অনেকটাই কমেছে।'