AUSW vs INDW: স্মৃতি-জেমাইমার ঐতিহাসিক পার্টনারশিপে সিরিজ় নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
Smriti Mandhana: অ্যাডিলেডে ৫৫ বলে দুরন্ত ৮২ রানের ইনিংস খেলে দলকে জিততে সাহায্য করেন স্মৃতি মান্ধানা।

অ্যাডিলেড: একদিকে যেখানে ভারতের মাটিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। সেই ফাঁকেই অজ়িভূমে ভারতীয় মহিলা দল দুরন্ত জয় পেল। ব্যাট হাতে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) দুরন্ত অর্ধশতরান, আর বল হাতে শ্রী চরণী এবং শ্রেয়ঙ্কা পাতিলের দৌরাত্ম্যে ১৭ রানে অস্ট্রেলিয়াকে (AUSW vs INDW) হারাল ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল তিন ম্যাচের সিরিজ় জিতে নিল ২-১।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। স্মৃতি ও শেফালি বর্মার বিরুদ্ধে ডার্সি ব্রাউন প্রথম ওভারেই ছন্দ খুঁজে পেতে বিপাকে পড়েন। তিনি চারটি ওয়াইড বল করেন। তবে কিম গার্থ মাত্র সাত রানেই শেফালিকে সাজঘরে ফেরত পাঠান। ১৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। তবে এরপরেই দলের হাল সামলান স্মৃতি ও জেমাইমা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের গণ্ডি পার করে ভারত। ইনিংসের মাঝপথে ভারত এক উইকেটে ৮৬ রান তুলে ফেলে। ব্রাউনের বলে ছক্কা মেরে ৩৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন স্মৃতি মান্ধানা।
ম্যাচের ১৬তম ওভারের প্রথম বলেই অ্যানাবেল সাদারল্যান্ডকে ছক্কা হাঁকান স্মৃতি। তবে সেই ওভারেই তাঁকে সাজঘরে ফিরতে হয় ৮২ রানে। শুরুটা মন্থর গতিতে করলেও ইনিংসের শেষটা প্রায় ১৫০ স্ট্রাইক রেটে করেন স্মৃতি। মান্ধানা ও জেমাইমা দ্বিতীয় উইকেটে ১২১ রান যোগ করেন। এটা বিশ ওভারের ফর্ম্যাটে ভারতীয় মহিলা দলের হয়ে দ্বিতীয় উইকেটের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। স্মৃতি আউট হওয়ার পরে ইনিংসের রানের গতি বজায় রাখতে রিচা ঘোষকে নামানো হয়। তিনি নেমে শুরুটাও ভালই করেন। এরই মাঝে ৪১ বলে অর্ধশতরান পূরণ করে ফেলেন জেমাইমা।
ভারতীয় দল শেষ নয় বলে চার উইকেট হারানোয় ইনিংসের গতি খানিকটা অবরুদ্ধ হলেও ২০ ওভারে ছয় উইকেটে ১৭৬ রান তোলে ভারত। ১৭৭ রানের চ্যালঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে অজ়িদের হয়ে বেথ মুনি ও জর্জিয়া ভল শুরুটা বেশ আগ্রাসীভাবেই করেছিলেন। তবে দুরন্তভাবে ম্যাচে ফেরে ভারত। ভল ও এলিস পেরিকে যথাক্রমে ১০ ও ১ রানে ফেরান শ্রেয়াঙ্কা। অপরদিকে মুনিকে ছয় রানে আউট করেন রেণুকা সিংহ। ৩২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
এমন অবস্থায় অ্যাশলে গার্ডনার ও ফিবি লিচফিল্ড অজ়িদের ইনিংস সামলান। তাঁকে ২৬ রানে শ্রীচরণী আউট করেন। এরপর নিরন্তুর ব্যবধানে অস্ট্রেলিয়া উইকেট হারাতে থাকে। একমাত্র গার্ডনারই খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে নয় উইকেটে ১৫৯ রানেই থেমে যায় অস্ট্রেলিয়া। ১৭ রানে ম্যাচ ও সিরিজ় জেতে ভারত।




















