মগুরা: অশান্তির আবহ ফের বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হল। বুধবার সন্ধেয় আওয়ামি লিগের তরফে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। আওয়ামি লিগের সাংসদ এখন শাকিব। তিনি সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। ভিডিওতে দেখা যায় শাকিবকে। এরপরই তাঁর মগুরার পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়।

Continues below advertisement

সূত্রের খবর, রাত ৮.৪৫ নাগাদ কিছু দুষ্কৃতী মিলে হামলা চালায় শাকিবের বাড়িতে। বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী জানা গিয়েছে যে দুষ্কৃতীরা বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আওয়ামি লিগের তরফে এক বিবৃতি দেওয়া হয় এরপরই। সেখানে উল্লেখ করা হয়, 'আওয়ামী লিগের সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার মূল্য হিসেবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। নতুন ফ্যাসিবাদে গ্রাস হয়েছে এই বাংলাদেশ। দেশের ক্রিকেট আইকন শাকিব আল হাসানের বাড়িতে এক ভয়াবহ পেট্রোল বোমা হামলা চালানো হয়, যা ঘটে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর।' যদিও এই ঘটনায় কারও হতাহতের কোনও খবর মেলেনি।

উল্লেখ্য, এদিনের ভার্চুয়াল বৈঠক থেকেই বাংলাদেশে ফিরে আসার কথা জানান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি, একথাই জানিয়েছেন। তবে তারিখ উল্লেখ করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Continues below advertisement

উল্লেখয়, বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। আওয়ামি লিগের শুধু শীর্ষ নেতারাই নন, সাধারণ কর্মীরাও তারপর অন্তরালে চলে যান। যারা পারেননি তারা খুন-সহ একাধিক মামলার বোঝায় জর্জরিত। অনেকেই কারারুদ্ধ। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই বাংলাদেশের বাইরে রয়েছেন ক্রিকেটার তথা আওয়ামি লিগের সাংসদ শাকিব আল হাসান। খুন-সহ নানা মামলা রয়েছে বিশ্বের এক সময়কার এক নম্বর অলরাউন্ডারের বিরুদ্ধে। তবে এবার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে ফেরার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাকিবকে নিয়ে এর আগে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। আবারও শাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আদৌ দেশে ফিরে মাঠে নামতে পারেন কি না তিনি, তা দেখার।