BCCI AGM: লোঢা নিয়মেই হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন, প্রেসিডেন্ট ও IPL চেয়ারম্যান পদে নতুন মুখ?
BCCI: আপাতত দেবজিৎ সাইকিয়াই সচিব পদে থেকে যাচ্ছেন বলে খবর। যুগ্মসচিব হিসাবে রোহন গওন্স দেশাই ও কোষাধ্যক্ষ হিসাবে প্রভতেজ ভাটিয়াও থেকে যেতে পারেন।

মুম্বই: একাধিক প্রশ্ন। সংশয়। লোঢা কমিটির সুপারিশ মেনে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পরবর্তী বার্ষিক সাধারণ সভা (AGM) হবে? নাকি নতুন ক্রীড়া আইন মেনে হবে বোর্ডের এজিএম?
তবে সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা জানালেন, লোঢা সুপারিশ মেনেই সম্ভবত হতে চলেছে বোর্ডের এজিএম। সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে পারে এজিএম। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের আসন্ন এজিএমে বেশ কয়েকটি পদে নতুন কোনও ক্রিকেট প্রশাসককে দেখা যেতে পারে। যার মধ্য়ে রয়েছে আইপিএল চেয়ারম্যানের পদ। আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধূমল, যিনি অনুরাগ ঠাকুরের ভাই, তাঁকে কুলিং অফে যেতে হবে বলেই খবর। ৬ বছর টানা পদে থাকার পর তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে তাঁকে। কে হবেন তাঁর উত্তরসূরি? আইপিএল চেয়ারম্যান হওয়ার দৌড়ে বেশ কিছু নাম। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল দায়িত্ব পেতে পারেন। আগেও তিনি আইপিএল চেয়ারম্যান ছিলেন। দৌড়ে রয়েছেন মুম্বই ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় নায়েকও। রাজীব শুক্ল আইপিএল চেয়ারম্যান হলে বোর্ডের ভাইস প্রেসিডেন্টের পদ খালি হবে। সেক্ষেত্রে বিহার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট, বিজেপি নেতা রাকেশ তিওয়ারি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হতে পারেন।
আপাতত দেবজিৎ সাইকিয়া, যিনি বোর্ডের যুগ্মসচিব ও সচিব হিসাবে ৩ বছর মেয়াদ কাটিয়েছেন, তিনিই সচিব পদে থেকে যাচ্ছেন বলে খবর। যুগ্মসচিব হিসাবে রোহন গওন্স দেশাই ও কোষাধ্যক্ষ হিসাবে প্রভতেজ ভাটিয়াও থেকে যেতে পারেন।



















