BCCI: কবে শুরু রঞ্জি ট্রফি? বাংলার গ্রুপে আর কারা? ওয়ান ডে, টি-২০ সহ ১৭৮৮ ম্যাচের সূচি প্রকাশ
Indian Cricket: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এ গ্রুপে রয়েছে বাংলা। বিজয় হাজারে ট্রফিতে বাংলা রয়েছে গ্রুপ ডি-তে।

কলকাতা: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। পুরুষ, মহিলা মিলিয়ে, সব ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্ট ধরলে রেকর্ড ১৭৮৮টি ম্যাচ আয়োজিত হবে আগামী মরশুমে।
২৩ অগাস্ট শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মরশুম। দলীপ ট্রফি দিয়ে শুরু হবে মরশুম। ৬টি অঞ্চল ভিত্তিক দল নিয়ে হবে লাল বলের এই টুর্নামেন্ট। তারপর ১ অক্টোবর থেকে হবে ইরানি কাপ। যা রঞ্জি চ্যাম্পিয়ন দল ও অবশিষ্ট একাদশের মধ্যে খেলা হয়। গতবারের মতো এবারও রঞ্জি ট্রফি ও কর্নেল সি কে নাইডু ট্রফি দুই ভাগে খেলা হবে। রঞ্জি ট্রফিতে এলিট পর্যায়ে ৩২টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে থাকবে আটটি করে দল। প্লেট পর্যায়ে থাকবে ৬টি দল।
১১ অক্টোবর শুরু হবে রঞ্জি ট্রফি। প্রথম পর্যায় চলবে ৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি। গ্রুপ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে নক আউট পর্ব। ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেটের সিনিয়র পর্যায়ের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০। ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে সিনিয়র পর্যায়ের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি।
রঞ্জি ট্রফিতে গতবারের মতোই ৪টি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে। বিজয়ীরা সেমিফাইনালে উঠবে। তারপর ফাইনালে নির্ধারিত হবে ট্রফি ভাগ্য। বিজয় হাজারে ট্রফিও একই ফর্ম্যাটে খেলা হবে। তবে সৈয়দ মুস্তাক আলি টি-২০-র গ্রুপ বিন্যাস একইভাবে (অর্থাৎ ৮টি করে দল নিয়ে চারটি গ্রুপ) হলেও, প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল সুপার লিগে খেলবে। সুপার লিগে দুটি গ্রুপ থাকবে। প্রত্যেক দল ৩টি করে ম্যাচ খেলার পর এ ও বি গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে।
বাংলার ক্রিকেটপ্রেমীদের যাবতীয় কৌতূহল ছিল, রঞ্জি ট্রফিতে অভিমন্যু ঈশ্বরণ-অভিষেক পোড়েলরা কীরকম গ্রুপে পড়েছেন তা নিয়ে। এলিট গ্রুপ সি-তে রয়েছে বাংলা। এই গ্রুপের বাকি সাতটি দল হল - ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, সার্ভিসেস, গুজরাত, কেরল, দিল্লি ও ওড়িশা। সব মিলিয়ে সহজ গ্রুপেই পড়েছে বাংলা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এ গ্রুপে রয়েছে বাংলা। সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, রাজস্থান, বঢোদরা, উত্তর প্রদেশ, চণ্ডীগড়, কর্নাটক ও মিজোরাম। বিজয় হাজারে ট্রফিতে বাংলা রয়েছে গ্রুপ ডি-তে। সঙ্গে রয়েছে কর্নাটক, উত্তর প্রদেশ, কেরল, ত্রিপুরা, ওড়িশা, অসম ও পুদুচেরি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির একটি গ্রুপের সব ম্যাচ পড়বে কলকাতায়।




















