Ranji Trophy: একাই আট উইকেট! কেরিয়ারের সেরা বোলিং করে রঞ্জি সেমিফাইনালে বাংলাকে মহার্ঘ লিড দিলেন শামি
BCCI: কুর্নিশ করতে হবে জম্মু ও কাশ্মীরের লোয়ার মিডল অর্ডারের লড়াইকেও। ১৯৮/৫ স্কোরে শুরু করে শেষ পাঁচ উইকেটে ১০৪ রান যোগ করল তারা।

সন্দীপ সরকার, কল্যাণী: কলকাতার যানজট আর দূষণ ছাড়িয়ে কল্যাণীতে প্রবেশ করলেই বেশ তরতাজা অনুভূতি তৈরি হয়। চারপাশে ছবির মতো সাজানো বাড়ি ঘর, মসৃণ রাস্তাঘাট, গাছপালা। কানে তালা ধরানো গাড়ির আওয়াজ নেই। শীতের আমেজ এখনও বেশ টের পাওয়া যাচ্ছে পরিকল্পিত এই শহরে।
সেখানেই কি না সকাল সকাল বাংলা ক্রিকেটারদের কপালে ঘাম জমতে শুরু করেছিল! হবে নাই বা কেন। সকাল সকাল জম্মু ও কাশ্মীরের তিন উইকেট তুলে নেওয়ার পরেও নবম উইকেটে ৬৪ রানের পার্টনারশিপ গড়ে বাংলা শিবিরে থরহরিকম্প বাঁধিয়ে দিয়েছিলেন আকিব নবি ও যুদ্ধবীর সিংহ। বাংলার স্কোর তখন নাগালের মধ্যে।
শেষে স্বস্তি ফেরালেন মহম্মদ শামি। তাঁর দুরন্ত অফকাটারে যুদ্ধবীরের স্টাম্প উড়ে গেল। তার ২১ বল পরে আকিব নবির স্টাম্পও মাটিতে লুটোপুটি খেল। বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হল ৩০২ রানে। ২৬ রানের মহার্ঘ লিড নিল বাংলা। ফাইনালে ওঠার সম্ভাবনা আরও জোরাল হল বাংলার।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলার ত্রাতা হয়ে হাজির হলেন মহম্মদ শামি। জাতীয় দলে উপেক্ষিত। বাদ পড়েছেন ভারতীয় দলের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকেও।
জবাব দেওয়ার জন্য বাইশ গজকেই বেছে নিয়েছেন ডানহাতি পেসার। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৯০ রানে পেলেন আট উইকেট। সোমবার তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ১৩-২-৬০-৩। মঙ্গলবার তাঁর ফিগার ৯.১-১-৩০-৫। প্রথম স্পেলে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় স্পেলে নিলেন ২ উইকেট। সব মিলিয়ে তাঁর বোলিং ফিগার ২২.১-৩-৯০-৮। বাংলার বাকি বোলাররা ৫৪ ওভার বল করে তুলেছেন ২ উইকেট!
৩৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারের সেরা বোলিং করলেন শামি। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেরা বোলিং ছিল ৭৯/৭। নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে গেলেন। একমাত্র তিনি বল করার সময়ই মনে হচ্ছিল, প্রত্যেক বলে উইকেট পেতে পারেন।
কুর্নিশ করতে হবে জম্মু ও কাশ্মীরের লোয়ার মিডল অর্ডারের লড়াইকেও। ১৯৮/৫ স্কোরে শুরু করে শেষ পাঁচ উইকেটে ১০৪ রান যোগ করল তারা। দেখিয়ে দিল, রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা ফ্লুক নয়। ৫৪ বলে ৪২ রান করলেন নবি। যুদ্ধবীর ৪২ বলে ৩৩ রান করলেন।
প্রথম ইনিংসে লিড নিয়ে আপাতত ম্যাচে এগিয়ে বাংলা। পরীক্ষা এবার বাংলার ব্যাটারদের। কত রানের লিড ফাইনালের টিকিট কনফার্ম করার জন্য নিরাপদ হবে? কল্যাণীতে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।




















