ICC News: বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তান, বাংলাদেশের নাটক, ভারত থেকে সরতে পারে পরবর্তী আইসিসি ইভেন্টগুলি!
BCCI Hosting Rights: এই বছরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের কেউই ভারতে নিজেদের ম্যাচ খেলতে আসতে চায়নি।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রভাব বেশ কয়েক বছর ধরে সরাসরি খেলার ময়দানে লক্ষ্য করা যাচ্ছে। বহুদিনই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। এমনকী, দুই দেশ এখন একে অপরের মাটিতে আইসিসি ইভেন্টেও খেলতে যাচ্ছে না। উপরন্তু, এই বছর ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশও। এর জেরে তাদের বিশ্বকাপ থেকেই বাতিল হতে হয়েছে। তবে এই পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যুগ্মভাবে আয়োজিত হচ্ছে। তবে বিশ্বকাপ আয়োজন ঘিরে না না সমস্যার সম্মুখীন হতে হয়েছে আইসিসিকে। এর জেরেই সম্ভবত ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে আইসিসি। এর পিছনে একাধিক কারণ রয়েছে।
গত বছর ভারত পাকিস্তানের মাটিতে নিরাপত্তা ও সরকারের নির্দেশের কথা জানিয়ে খেলতে যাবে না বলে জানিয়ে দেয়। এরপরে পাকিস্তানও এবারের বিশ্বকাপের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয়। বিভিন্ন সূত্র মারফৎ যা খবর পাওয়া যাচ্ছে তাতে ভবিষ্যতেও ভারতে কোনও টুর্নামেন্ট আয়োজিত হলে সেখানে পাকিস্তানের খেলতে না আসার সম্ভাবনাই প্রবল। ভারত ও পাকিস্তানের মধ্যে এই নিয়ে এক চুক্তিও স্বাক্ষর হয়েছে যার জেরে কোনও দেশে অপর দেশে খেলতে যাবে না, বরং নিরপেক্ষ মাঠে তাদের ম্যাচ আয়োজন হবে।
তবে এক্ষেত্রে টুর্নামেন্ট আয়োজন, সূচি তৈরি, ইত্যাদি না না বিষয়ে আইসিসিকে প্রচুর ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। টুর্নামেন্টের প্রভাবও তাতে ক্ষুন্ন হচ্ছে বলেই মনে করা হচ্ছে। তাই ভারত থেকে পরবর্তী দুই আইসিসি ইভেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আইসিসি। সেক্ষেত্রে নিরপেক্ষ স্থান হিসাবে অস্ট্রেলিয়ার নাম উঠে আসছে। ২০১৫ ও ২০২২ সালের বিশ্বকাপ অস্ট্রেলিয়া দারুণভাবে আয়োজন করেছে। বিশ্বমানের পরিকাঠামো, পশ্চিম এশিয়ার প্রচুর মানুষের বসবাস এবং নিরপেক্ষ মাঠ, অস্ট্রেলিয়ায় সবটাই আইসিসি ইভেন্ট আয়োজনের পক্ষে অনুকূল।
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও এবারের বিশ্বকাপে খেলেনি। এতে আইসিসির অর্থনৈতিকভাবে বড় ক্ষতি হয়েছে। সব মিলিয়েই অস্ট্রেলিয়াকে সেক্ষেত্রে যোগ্য ভেন্যু বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই ভারত থেকে বড় আইসিসি ইভেন্ট সরিয়ে অস্ট্রেলিয়ার আয়োজনের ভাবনাচিন্তা করছে আইসিসি। এবার তা বাস্তবায়িত হবে কি না, সেটা সময়ই বলবে।




















