England Cricket Team:আবারও নিয়মলঙ্ঘন, ফের নাইটক্লাব, বিতর্কে জড়িয়ে নেতৃত্বই হারাতে বসেছেন বেন স্টোকস!
Ben Stokes: নিউজ়িল্যান্ডকে হারানোর পরেই, সোমবার ভোররাতে, ইংল্যান্ড অধিনায়ক স্টোকস ও অ্যাটকিনসন এক নাইট ক্লাবে গিয়েছিলেন।

লন্ডন: ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) মরশুমের শুরুটা দারুণভাবে হয়েছে। মরশুমের প্রথম ম্যাচেই নিউজ়িল্যান্ডকে দুরমুশ করে সিরিজ়ের প্রথম টেস্ট জিতে নিয়েছেন বেন স্টোকসরা (Ben Stokes)। তবে তারপরেই ইংল্যান্ড দলের নিয়ম ভেঙে বিরাট বিতর্কে জড়ালেন স্টোকস, নেপথ্যে ফের একবার এক নাইট ক্লাব কাণ্ড। সোমবার, সেই ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই এক নাইট ক্লাবে এক ঘটনায় জড়িয়ে পড়েন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও তারকা ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। এই ঘটনার জেরেই Telegraph Sport-র রিপোর্ট অনুযায়ী বেন স্টোকসের অধিনায়কত্ব যেতে পারে। ঠিক কী ঘটনাটি ঘটে ওই নাইটক্লাবে? রিপোর্টে দাবি করা হচ্ছে যে অ্যাটকিনসন ও স্টোকসের সঙ্গে সোমবার ভোররাতে এক রাগবি খেলোয়াড়ের ঝামেলা লাগে। সেই ঝামেলা গড়ায় হাতাহাতিতে।
রিপোর্ট অনুযায়ী ওই হাতাহাতির সময়ই সেই তরুণ রাগবি খেলোয়াড় অ্যাটকিনসনের দিকে হাত ছোড়েন। তবে সেই হাতটি গিয়ে স্টোকস ও অ্যাটকিনসনের নিরাপত্তার জন্য উপস্থিত ইসিবির সিকিউরিটি গার্ডের মুখে লাগে বলে খবর। এর জেরে শোনা যাচ্ছে সেই গার্ডের একাধিক সেলাই পড়েছে। তবে স্টোকস এবং অ্যাটকিনসনদের কোনও চোট লাগেনি বলেই শোনা যাচ্ছে। ইসিবির তরফে দাবি করা হচ্ছে গোটা ঘটনায় স্টোকস ও অ্যাটকিনসন আগ্রাসন প্রদর্শন করেননি এবং সেই ঘটনা ঘটার সময় সেখানে কোনওরকম পুলিশও উপস্থিত ছিলেন না।
তবে তা সত্ত্বেও বিরাট বিতর্ক শুরু হয়েছে। অ্যাসেজে ভরাডুবির পরেই ইংল্যান্ডের তরফে মাঝরাতে দলের খেলোয়াড়দের বাইরে থাকার বিষয়টা থামাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু স্পষ্টতই স্টোকস ও অ্যাটকিনসন, সেই নিয়মলঙ্ঘন করেছেন। এরপরেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দাবি করা হচ্ছে স্টোকসের অধিনায়কত্ব যেতে পারে। স্টোকস নিজেও এই বিরাট বিতর্কের পর ইংল্যান্ড নেতৃত্ব ছাড়বেন কি না, সেই নিয়ে ভাবনাচিন্তা করছেন বলেই খবর।
এই ঘটনার পর দুই তারকা ক্রিকেটার স্টোকস ও অ্যাটকিনসনের বড় শাস্তি হওয়া বা না হওয়া পরের বিষয়, তবে তাঁরা ১৭ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে যে মাঠে নামবেন না, তা মোটামুটি নিশ্চিত বলেই দাবি করা হচ্ছে। এই ঘটনার পরে ইংল্যান্ড বোর্ডের তরফে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করতেও বেশ দেরি করা হচ্ছে। যদি স্টোকস একান্ত খেলতেই না পারেন, সেক্ষেত্রে হ্যারি ব্রুককে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্বের দায়ভার সামলাতে হবে।



















