Sourav On Auqib Nabi: রঞ্জি ফাইনালে জম্মুকে স্বপ্ন দেখাচ্ছেন, ইংল্যান্ড সফরে ভারতীয় দলে আকিব নবিকে চাইছেন সৌরভ
Ranji Trophy Final: গত আইপিএলের নিলাম থেকে মোটা টাকায় দল পেয়েছেন আকিব। এছাড়া এই মরশুমে এখনও পর্যন্ত ১০ ম্য়াচে ৬০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।

হাবলি: রঞ্জিতে দাপট দেখাচ্ছেন পেসার আকিব নবি। কর্ণাটকের বিরুদ্ধে জম্মু কাশ্মীরের হয়ে খেলতে নেমে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। কে এল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ারে সমৃদ্ধ কর্ণাটকের শক্তিশালী ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড একাই ভেঙে দিয়েছেন আকিব। তাঁর বোলিংয়ে এতটাই মুগ্ধ হয়েছেন যে আসন্ন ইংল্য়ান্ড সফরে ভারতীয় দলের জার্সিতে আকিবকে ২২ গজে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়।
আগামী জুলাই মাসে শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টের মাধ্যমে সৌরভ লিখেছেন, ''জম্মু কাশ্মীর গােটা বিশ্বকে দেখাচ্ছে যে কেমনভাবে ইচ্ছেশক্তি থাকলে এভাবে খেলা যায়। মরিয়া চেষ্টা করতে হয়। ওরা ওদের মানুষদের ও ওদের এলাকাকে আরও গর্বিত করে তুলেছে। কঠিন পরিস্থিতি ও পরিবেশ মানুষকে আরও শক্তি দেয়। আমার এমনটাও মনে হয় যে আকিব নবিকে বেশিদিন জাতীয় দল থেকে দূরে রাখা যাবে না। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরের ভারতীয় দলে ওকে দেখা যেতে পারে।''
গত আইপিএলের নিলাম থেকে মোটা টাকায় দল পেয়েছেন আকিব। এছাড়া এই মরশুমে এখনও পর্যন্ত ১০ ম্য়াচে ৬০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। চলতি ম্য়াচে কর্ণাটকের প্রথম ইনিংসে ৫৪ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন রাহুল, ময়ঙ্ক ও করুণও। ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা আকিবকে তাই জাতীয় দল থেকে দূরে দেখতে চান না প্রাক্তন ভারত অধিনায়ক।
উল্লেখ্য, রঞ্জি ফাইনালে প্রথমবার জায়গা করে নিয়েছে জম্মু কাশ্মীর। কর্ণাটকের হুব্বালিতে রঞ্জি ট্রফির ফাইনাল কিন্তু ড্রয়ের দিকেই এগোচ্ছে। নিয়ম অনুযায়ী ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে যে দল লিড পায়, তারাই সেই ম্যাচ জিতে নেয়। জম্মু ও কাশ্মীর কিন্তু কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে বিরাট লিড নিতে সক্ষম হয়েছে। সেই লিডের সুবাদেই তাঁরা ইতিহাস গড়ার পথে। তাঁরাই হয়ত ট্রফি ঘরে তুলবে সেক্ষেত্রে। চতুর্থ দিনের খেলাশেষে পারস ডোগরার দল আপাতত দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানে এগিয়ে রয়েছে। হাতে এখনও ৬ উইকেট রয়েছে তাঁদের।
দেবদত্ত পড়িক্কলের নেতৃত্বে কর্ণাটক রঞ্জি ট্রফির ফাইনালে খেলছে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু বোর্ডে তুলেছিল ৫৮৪ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৩ রানের বেশি তুলতে পারেনি কর্ণাটক।




















