ICC Ranking: প্রায় সাড়ে চার বছর পর ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের সিংহাসনে কিং কোহলি, তিনে নামলেন রোহিত
VIrat Kohli ODI Ranking: অন্য়দিকে কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল প্রথম ম্য়াচে ৭১ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। তিনি দ্বিতীয় স্থানে উঠে এলেন। যার ফলে রোহিত তিনে নেমে এসেছেন।

দুবাই: আইসিসি ক্রমতালিকায় (ICC Ranking) ব্যাটারদের তালিকায় ফের সিংহাসন দখল করলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই তালিকায় এক নম্বরে ছিলেন রোহিত শর্মা। ৩৮ পেরনো রোহিত গত অস্ট্রেলিয়া সিরিজের পর ব্যাটারদের তালিকায় এক নম্বরে ছিলেন হিটম্যান। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচের পর রোহিতকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। প্রায় সাড়ে চার বছর পর ফের সিংহাসনে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বঢোদরায় ৯৩ রানের ইনিংস খেলার পর ব্যাটারদের মুকুট পেলেন কোহলি। ২০২১ সালের জুলাই মাসে শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন কিং কোহলি। সেই সময় তিনি ক্যাপ্টেনও ছিলেন জাতীয় দলের।
অন্য়দিকে কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল প্রথম ম্য়াচে ৭১ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। তিনি দ্বিতীয় স্থানে উঠে এলেন। যার ফলে রোহিত তিনে নেমে এসেছেন। প্রথম ম্য়াচে বঢোদরায় ২৯ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।
পয়েন্ট তালিকায় রেটিংয়ের নিরিখে বিরাট কোহলি ৭৮৫ পয়ন্টে নিয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা মিচেল ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন। রোহিত শর্মা ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এছাড়া প্রথম দশে আর কোনও বদল হয়নি। কে এল রাহুল তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছেন। ২১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন বঢোদরায়। অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে রাহুলের পরেই আছেন।
বোলিং ডিপার্টমেন্টে মহম্মদ সিরাজ পঞ্চম স্থানে রয়েছেন। প্রথম ওয়ান ডে ম্য়াচে ৪০ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন।
রাজকোটের টস হারের পর কী বললেন শুভমন?
ব্রেসওয়েল ফিল্ডিং নিলেও টস জিতলে নিজে ব্যাটিং নিতেন, এমনটাই জানালেন ভারত অধিনায়ক শুভমন। তিনি বলেন, ''আমরা ব্য়াটিং করতেই চেয়েছিলাম। আমরা শেষ যে কটি ম্য়াচ এখানে খেলেছি, এমনকী আগের দিন অনুশীলনের সময়ও দেখেছি খুব বেশি শিশিরের প্রভাব দেখা যায় না। অনেক প্লেয়ারের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছে যে এখানে খেলা যত এগোয় ততই উইকেট স্লো হয়ে যায় আরও। নিজে ব্যাট হাতে রান পেলে খুবই আত্মবিশ্বাসী অনুভব করি। আশা করি এদিনও বড় রান পাব। দলের ফাস্ট বোলারদের নিয়ে আমি খুব খুশি। মাঝের ওভার গুলোয় উইকেট তুলে নিচ্ছে তাঁরা।''




















