IND vs PAK Toss Update: পাক-দ্বৈরথে এগিয়ে গেল ভারত! বিরাট সুখবর দিলেন সূর্যকুমার, টসে কারা জিতল?
T20 World Cup 2026: কলম্বোয় টসের পরই বিরাট সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে ফিরছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার।

কলম্বো: বাইশ গজের যুদ্ধে কী ফল হবে, তা জানার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় দল যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই মানসিক সুবিধা পেয়ে গেল, বলার অপেক্ষা রাখে না।
কলম্বোয় টসের পরই বিরাট সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে ফিরছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা। সঞ্জু স্যামসনের জায়গায়।
অভিষেককে নিয়ে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। পেটের সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বাঁহাতি ব্যাটার। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যিনি পরিচিত। ভারতের টি-২০ দলের অন্যতম সেরা অস্ত্র। অথচ নামিবিয়ার বিরুদ্ধে নয়াদিল্লিতে ভারতের আগের ম্যাচে খেলতে পারেননি অভিষেক। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তাঁর পরিবর্তে নামিবিয়ার বিরুদ্ধে একাদশে সুযোগ পান স্যামসন। তবে সেই ম্যাচে রান পাননি তিনি।
কলম্বোয় ভারতীয় দলের সঙ্গেই গিয়েছিলেন অভিষেক। তবে তাঁর খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। পাক শিবির থেকে অধিনায়ক সলমন আলি আঘা জানিয়েছিলেন, তাঁরা চান অভিষেক খেলুক। যাতে পূর্ণ শক্তির ভারতীয় দলের বিরুদ্ধে খেলা যায়।
রবিবার টসের আগেই দেখা গিয়েছিল যে, পিচের ওপর দাঁড়িয়ে শ্যাডো করছেন অভিষেক। ছবিটা তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল। অবশেষে টসের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব দিলেন সুখবর। বলে দিলেন, 'অভিষেক শর্মা ফিরছে। সঞ্জু স্যামসনের পরিবর্তে।' এও বললেন, 'আমাদের দলে দুটি পরিবর্তন হয়েছে। অর্শদীপ সিংহের পরিবর্তে খেলছে কুলদীপ যাদব।'
টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠাল পাকিস্তান। অধিনায়ক সলমন আলি আঘা জানিয়ে দিলেন, তাঁরা প্রথমে ফিল্ডিং করবেন। সূর্য মেনে নিলেন যে, এই ম্যাচ আর পাঁচটা ম্যাচের চেয়ে আলাদা। বললেন, 'আমরা প্রথমে ব্যাট করে নিতেই চেয়েছিলাম। মুখে যতই বলা হোক না কেন যে এই ম্যাচ আর পাঁচটা ম্যাচের মতো, কিন্তু এই দ্বৈরথের তাৎপর্য আলাদা।'
ভারতের একাদশ
অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ
সঈম আয়ুব, শাহিবজাদা ফারহান, সলমন আঘা (অধিনায়ক), বাবর আজম, মহম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, আব্রার আমেদ ও উসমান তারিক।




















