India vs Bangladesh: ফাইনালে বাংলাদেশকে চুরমার করল ভারত, একপেশে ম্যাচ জিতে এশিয়া সেরা টিম ইন্ডিয়া
Indian Cricket: এবার ক্রিকেট মাঠেও ভারতের বিরুদ্ধে বিরাট পরাজয় হজম করতে হল বাংলাদেশকে।

ব্যাংকক: ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে না বলে গোঁ ধরেছিল বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বায়না ধরেছিল। উস্কানি দিয়েছিল পাকিস্তান। তবে কড়া অবস্থান নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপ আয়োজন করে। আইসিসি-র বোর্ড মিটিংয়ে বাংলাদেশের দাবি ভোটাভুটিতে ১৩-২ ব্যবধানে হেরে যায়।
এবার ক্রিকেট মাঠেও ভারতের বিরুদ্ধে বিরাট পরাজয় হজম করতে হল বাংলাদেশকে। তবে সেটা মহিলাদের ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপ খেলতে নামাই হয়নি লিটন দাসদের। এবার আরও এক টুর্নামেন্ট থেকে ব্যর্থ হয়ে ফিরছে বাংলাদেশ। ফের ভারতের কাছে ধাক্কা খেতে হল বাংলাদেশকে। রবিবার ব্যাংককে মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপ (Rising Stars Asia Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচে ভারতের কাছে কার্যত আত্মসমর্পণ করল বাংলাদেশের মহিলা ব্রিগেড। একশো রানও তুলতে পারল না বোর্ডে। বিশ্রীভাবে হেরে গেল। চ্যাম্পিয়ন হল ভারত।
তাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত। রবিবার খেতাবি যুদ্ধে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। রাধা যাদবদের সামনে ছিল বাংলাদেশের চ্যালেঞ্জ। গতবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রবিবার খেতাব ধরে রাখার লক্ষ্যে নামেন নন্দিনী কাশ্যপরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। টি-২০ ফর্ম্যাটের এই টুর্নামেন্টে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যেই দুই ওপেনার নন্দিনী কাশ্যপ এবং দীনেশ বৃন্দা আউট হয়ে যান মাত্র ৩৩ রানে। ব্যর্থ হন অনুষ্কা শর্মা (৮) এবং মিন্নু মানিও (০)।
Clinical 👌
— BCCI Women (@BCCIWomen) February 22, 2026
A complete all-round show from India A as they register a commanding victory by 4⃣6⃣ runs in the Final of the #WomensRisingStarsAsiaCup 👏👏
Scorecard ▶️ https://t.co/BazaDT9PQD pic.twitter.com/GNJqErWeyw
সেখান থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন তেজল হাসনবিশ। সঙ্গত করেন অধিনায়ক রাধা। ৬৯ রানের জুটি গড়েন তাঁরা। তেজল লড়াকু হাফসেঞ্চুরি করেন। ভারতের বাকি ব্যাটাররাও আর কেউই রান পাননি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে ভারত।




















