নয়াদিল্লি: মাসখানেক পরেই ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) নির্বাচক হিসাবে অজিত আগরকরের (Ajit Agarkar) চুক্তি শেষ হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বিশেষ করে বছরের শুরুতে আগরকরের বাছা ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতায় তাঁর চুক্তি বাড়ানো হবে। তবে বর্তমানে পরিস্থিতি খানিকটা বদলেছে।

Continues below advertisement

২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত আগরকরের চুক্তি বাড়ানো হবে মনে করা হলেও, সাম্প্রতিক সময়ে রোহিত শর্মাকে ঘিরে ভারতীয় ক্রিকেটে যা ঘটেছে, তার জেরেই মূলত আগরকরের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। রোহিতের অবসরের জল্পনার মাঝে বিসিসিআইয়ের অস্পষ্ট বার্তা এবং ঠিক পরের ম্যাচেই লর্ডসে রোহিতের দুরন্ত শতরান হাঁকানো আগরকরকে জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে খবর।

Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী রোহিতের অবসর ঘিরে এই জল্পনা এবং সেই জল্পনায় আগরকরদের প্রতিক্রিয়া এবং ব্যবস্থাপনাই তাঁকে চাপে ফেলেছে। আগরকরের প্রাথমিক চুক্তি জুনেই শেষ হয়ে গেলেও, বিসিসিআইয়ের তরফে তিন মাসের জন্য তাঁর চুক্তি বর্ধিত করা হয়েছিল। তবে বর্তমানে বোর্ড আগরকরের বিকল্প খুঁজছে বলে দাবি করা হচ্ছে। আগরকরের প্রধান নির্বাচক থাকাকালীন ভারতীয় দল চারটি আইসিসি ফাইনালে পৌঁছে তিনটি জিতলেও, রোহিত শর্মার অবসর জল্পনা সামলানোসহ আগরকরের সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্ত তাঁকে আতসকাঁচের তলায় এনে দিয়েছে। ফলে ভারতীয় বোর্ড পরের বছরের বিশ্বকাপ পর্যন্ত আগরকরকে রাখবে কি না, সেই নিয়ে জল্পনা চলছে। 

Continues below advertisement

আরও পড়ুন:- সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড 

এমন পরিস্থিতিতে আগরকরের বিকল্প হিসাবে আরেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম উঠে আসছে। লক্ষ্মণ দীর্ঘদিন ধরেই সেন্টার অফ এক্সিলেন্সের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি মাঝেমধ্যেই গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে তুলনামূলক ছোট সিরিজ়গুলিতে ভারতীয় কোচ হিসাবেও দায়িত্ব সামলান, ঠিক যেমন জিম্বাবোয়ে সিরিজ়ে তিনি দায়িত্বে ছিলেন। তাঁর নাম ভারতীয় কোচের জল্পনাতেও উঠে আসছিল। তবে এখন ভারতীয় নির্বাচক হিসাবেও আগরকরের পরিবর্তে লক্ষ্মণের নাম উঠে আসছে।

তবে গোটা বিষয়টাই এখনও ভাবনাচিন্তার পর্যায়েই রয়েছে বলে দাবি করা হচ্ছে। সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। উপরিক্ত উল্লেখিত রিপোর্টে আরও দাবি করা হচ্ছে লক্ষ্মণের চিন্তাভাবনা, ধারণাগুলিকে আরও প্রাধান্য দেওয়া হবে এবং বিরাট কোহলি, রোহিত শর্মাও তাঁর পরামর্শকে বাড়তি গুরুত্ব দেবেন। 

রিপোর্ট অনুযায়ী, আপাতত অন্তত আগরকরের ভবিষ্যৎ আসন্ন শ্রীলঙ্কান টেস্ট সিরিজ়ে ভারতের পারফরম্যান্সের উপর নির্ভরশীল। আগরকর নিজে ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চাইলেও, বোর্ড তাঁকে কিন্তু এই নিয়ে কোনওরকম আশ্বাস দেয়নি। শেষমেশ কী হয় এখন সেইদিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরই নজর থাকবে।