Indian Cricket Team: ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড সিরিজ় থেকে নাম প্রত্যাহার করলেন সিরাজ, পরিবর্তে সুযোগ পেলেন কে?
Mohammed Siraj: লম্বা আন্তর্জাতিক মরশুমের আগে সিরাজকে নিয়ে ভারতীয় বোর্ড ও ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায় না।

নয়াদিল্লি: সদ্যই আফগানিস্তানের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ম্যাচ ইনিংসে জিতে আইপিএলের পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরপরে আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ও খেলবে টিম ইন্ডিয়া। তবে সকলেরই এক নজর রয়েছে আসন্ন ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দিকে, কারণ অবশ্যই সেই সফরেই বৈভব সূর্যবংশী ভারতের হয়ে অভিষেক ঘটাতে পারেন। তবে সেই সিরিজ়ের বহু আগেই বড় ধাক্কা খেল ভারত। সিরিজ় থেকে সরে দাঁড়ালেন তারকা ক্রিকেটার।
২৬ জুন থেকে আইরিশদের বিরুদ্ধে দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলার পর ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। সেই সিরিজ়গুলিতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) খেলার কথা ছিল। তবে তারকা ফাস্ট বোলার সেই সিরিজ় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবারই, বিসিসিআইয়ের তরফে এই বিষয়টি জানানো হয়।
আসলে সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় বোর্ডের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়। লম্বা আন্তর্জাতিক মরশুমের আগে সিরাজকে নিয়ে ভারতীয় বোর্ড ও ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চায় না। সেই কারণেই তাঁকে ঝুঁকি এড়াতে বিশ্রাম দেওয়া হচ্ছে। সিরাজের বদলে তাঁরই আইপিএল দল গুজরাত টাইটান্সের সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণকে এই দুই সিরিজ়ের জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।
🚨 News 🚨
— BCCI (@BCCI) June 9, 2026
Prasidh Krishna replaces Mohd. Siraj in #TeamIndia's T20I squads for Ireland & England.
Siraj has been advised a period of rest as part of his workload management programme.
More Details 🔽 | #IREvIND | #ENGvINDhttps://t.co/LNPOVVVHq5
এই সিরিজ়ের মাধ্যমেই কিন্তু ভারতীয় টি-টোয়েন্টি দলে নতুন জমানা শুরু হচ্ছে। এই সিরিজ়েই পাকাপাকিভাবে ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে প্রথমবার মাঠে নামবেন শ্রেয়স আইয়ার। এছাড়া সহ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিলক বর্মা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য মোট ১৬ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য় বিসিসিআই যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে নতুন আরেক মুখ প্রিন্স যাদব। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে আইপিএলে দারুণ পারফর্ম করেছিলেন। নির্বাচকদের নজর কেড়েছিলেন। সেনা কান্ট্রিতে গতি ও বাউন্সি পিচে খেলা। তাই পেস বোলিং বিভাগে অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ ও নীতিশ রানার সঙ্গে সুযোগ মিলেছে প্রিন্স যাদবেরও। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেল রয়েছেন।



















