Indian Cricket Team: ভারতের হয়ে শীঘ্রই অভিষেক ঘটাবেন বৈভব? এশিয়ান গেমসের পরিকল্পনাতেও নেই গিল, সূর্যকুমাররা
Asian Games 2026: ১৯ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হবে এশিয়ান গেমস। সেখানে ভারতীয় দলের অংশ নেওয়ার কথা। কিন্তু সেই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবকে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে না বলেই খবর।

নয়াদিল্লি: আইপিএল একেবারে শেষবেলায় উপনীত হয়েছে। আর কয়েক ঘণ্টা পরেই টুর্নামেন্টের ফাইনালের পরেই শেষ হবে মেগা টুর্নামেন্ট। ভারতের তথাকথিত গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসব শেষে ফের একবার সকলে মাতবেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের (Indian Cricket Team) ভবিষ্যৎ ঘিরেই ইতিমধ্যে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে।
১৯ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হবে এশিয়ান গেমস। সেখানে ভারতীয় দলের অংশ নেওয়ার কথা। কিন্তু সেই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করতে দেখা যাবে না বলেই খবর। Amar Ujala-র রিপোর্ট অনুযায়ী সেই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী অধিনায়ককে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে না। ইতিমধ্যেই এশিয়ান গেমসের জন্য নাকি বিসিসিআই ৩০ জনের সম্ভাব্য ক্রিকেটারের তালিকা তৈরি করে ফেলেছে। সেই তালিকায় সূর্যকুমার যাদবের নাকি নাম নেই।
রিপোর্ট অনুযায়ী এই ৩০ জন সম্ভাব্য ক্রিকেটারের নাম থেকেই এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দল বাছাই করবেন বিসিসিআইয়ের নির্বাচকরা। সেই সম্ভাব্য তালিকায় শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ নাম থাকলেও, নেই সূর্যর নাম। এমনকী দুরন্ত আইপিএলে নিজের দলকে ফাইনালে তোলা শুভমন গিলও নাকি সেই তালিকায় ব্রাত্য বলেই খবর।
তবে উল্লেখ্যযোগ্য বিষয় হল তালিকায় বৈভব সূর্যবংশীর নাম রয়েছে। বৈভবের এবারের আইপিএলটা স্বপ্নের মতোই ছিল। সেই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। এ মরশুমে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করে বৈভব। মরশুমে পাঁচটি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি হাঁকায় বৈভব, গড়ে একাধিক রেকর্ড। এই দুরন্ত আইপিএলের পরে অনেকেই বৈভবকে যত দ্রুত সম্ভব ভারতীয় সিনিয়র দলে সুযোগ দেওয়ার ডাক দিয়েছেন। সেই দাবি পূরণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:- নিজের সেরাটা দিয়েও দলকে জেতাতে ব্যর্থ, খেতাবি দৌড় থেকে RR ছিটকে যেতেই কেঁদে ফেলল বৈভব
২০০৩ সালে রুতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। সেই দলের নয়জন ক্রিকেটারও আসন্ন এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। অবশ্য বৈভবকে কিন্তু এশিয়ান গেমস পর্যন্ত অপেক্ষা না ও করতে হতে পারে। আইপিএল শেষ হওয়ার পরেই ভারতীয় দল একের পর এক ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়ার পরের মাসেই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিশ ওভারের সিরিজ় খেলবে। সেই সিরিজ়গুলিতেই কিন্তু বৈভবের অভিষেক হয়ে যেতে পারে।
Before You Go
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ


















