India-Afghanistan Test: স্মরণীয় রঞ্জি মরশুমের পরেও মেলিনি সুযোগ তবে অবশেষে ভারতীয় দলে যোগ দিলেন আকিব নবি
India vs Afghanistan Test Series: ৬ জুন থেকে মুল্লানপুরে ভারত বনাম আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ খেলা হবে।

মুল্লানপুর: আইপিএল মরশুম শেষ হয়ে গিয়েছে। এবার ফের শুরু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট মরশুম। চলতি সপ্তাহেই মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। সেই টেস্ট দলে বেশ কয়েকটি নতুন মুখ সুযোগ পেলেও সুযাগ পাননি তিনি, তবে এবার অবশেষে ভারতীয় শিবিরে (Indian Cricket Team) যোগ দিলেন আকিব নবি (Auqib Nabi)।
আকিব নবি এবারের জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক রঞ্জি ট্রফিজয়ী শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। তিনি ১২.৫৭ গড়ে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। তবে তা সত্ত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ যা আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ নয় এবং যেখানে যশপ্রীত বুমরার মতো প্রথম সারির তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেখানে কেন নবি সুযোগ পেলেন না, তা নিয়ে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়। তবে সেইসব জল্পনার মাঝেই এবার জাতীয় শিবিরে নবি।
অবশ্য তিনি ভারতীয় দলের প্রধান স্কোয়াডে নেই, বরং তাঁকে ব্যাক আপ ক্রিকেটার হিসাবেই দলের টেস্ট স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে। তবে পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শুধু নবি নয়, নেট বোলার হিসাবে ভারতীয় দলে কিন্তু আরও ছয় ক্রিকেটারকেও ডেকে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে স্পিনার জিশান আনসারিও রয়েছেন।
এক সূত্র পিটিআইকে সাক্ষাৎকারে জানান, 'হ্যাঁ, আকিব নবিকে ভারতীয় নেটে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। শুধু আকিব নবি নন, আরও ছয়জন ক্রিকেটারকেও ভারতীয় নেটে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছে। এই আবহাওয়ায় দুই প্রধান ফাস্ট বোলার সাত দিনের ব্যবধানে তিনটে ম্যাচ খেলার পাশাপাশি সফরও করেছেন, তাই তাঁরা ফের একবার নেটে বাড়তি বোলিং করতে পারবেন না। কিন্তু ব্যাটারদের তো পর্যাপ্ত পরিমাণে অনুশীলনের প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত।'
আরও পড়ুন:- ভারতীয় দলে ডাক পেলেন প্রিন্স, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ১৫ জনের ওয়ান ডে স্কোয়াডে নেই বুমরা
ভারতীয় নির্বাচকমণ্ডলী গুয়াহাটিতে গত ১৯ মে আফগানিস্তান সিরিজ়ের দল বাছাইয়ের জন্য বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের পর যে ১৫ জনের দল বাছাই করা হয়েছে, তাতে এক, দুই নয়, তিনজন নতুন ক্রিকেটারকে ভারতীয় দলে ডাকা হয়েছে। মানব সুতার, হর্ষ দুবে এবং গুরনুর ব্রারকে জাতীয় টেস্ট দলে ডাকা হয়েছে। মানব সুতার ও হর্ষ দুবে, উভয়েই বাঁ-হাতি স্পিনার। অপরদিকে, গুরনুর ব্রার পঞ্জাবের ফাস্ট বোলার।



















