Punjab Flood: ভাসছে পঞ্জাব, রাহুল-যুবরাজ-শুভমনদের আবেগপূর্ণ বার্তা পড়ে চোখে জল ক্রিকেটপ্রেমীদের
KL Rahul Yuvraj Singh Shubman Gill: পঞ্জাব সহ উত্তর ভারতের অনেক রাজ্যে ভারী বৃষ্টি চলছে। বলাবলি হচ্ছে যে, পঞ্জাবে (Punjab Flood) গত প্রায় তিন দশকে এর চেয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়নি।

বেঙ্গালুরু: পঞ্জাব সহ উত্তর ভারতের অনেক রাজ্যে ভারী বৃষ্টি চলছে। বলাবলি হচ্ছে যে, পঞ্জাবে (Punjab Flood) গত প্রায় তিন দশকে এর চেয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়নি। ২ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যা দুর্গতদের জন্য এবার ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul) আবেগপূর্ণ বিবৃতি দিয়েছেন। রাহুল নিজে কর্নাটকের বাসিন্দা হলেও পঞ্জাবের ভয়াবহ বন্যার ছবি দেখে যন্ত্রণাবিদ্ধ ভারতীয় ক্রিকেটার।
কে এল রাহুল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "পঞ্জাবের সকলের ভাল হোক, সেই কামনা করছি। সুরক্ষিত থাকুন, সঙ্গে থাকুন।" রাহুলের সঙ্গে পঞ্জাবের যোগ রয়েছে ক্রিকেট মাঠে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এবং এই দলের অধিনায়কত্বও করেছেন। উল্লেখ্য, পঞ্জাবে এবার গড় বৃষ্টিপাতের থেকে ৭৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৩০০-র বেশি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগেই সতর্ক করে দিয়েছেন যে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাঠানকোট, গুরুদাসপুর, হোশিয়ারপুর এবং ফিরোজপুর সহ অনেক এলাকা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্বিগ্ন ক্রিকেটারেরাও
হরভজন সিংহ, যুবরাজ সিংহ এবং শুভমন গিল সহ পঞ্জাব থেকে উঠে আসা অনেক ক্রিকেটার ক্ষতিগ্রস্ত মানুষের সমর্থনে আবেগপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি পাশে দাঁড়ানোর আবেদনও করেছেন। কে এল রাহুল টেস্ট দলে যাঁরক নেতৃত্বে খেলেন, সেই অধিনায়ক শুভমন গিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমার পঞ্জাবকে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে দেখে খুব দুঃখ হচ্ছে। পঞ্জাব এমন প্রতিটি কঠিন পরিস্থিতি পার করে আসবে। আমি সকল ক্ষতিগ্রস্ত মানুষের সুস্থতা কামনা করি।"
কে এল রাহুল ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। এই সময়ে তিনি ৫৫ ম্যাচে ৫৬.৬২-এর দুর্দান্ত গড়ে ২৫৪৮ রান করেছিলেন।
View this post on Instagram
যুবরাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পঞ্জাব আমার ঘর, আমার আত্মা। এই ভয়ঙ্কর বন্যা দেখাটা ভীষণ যন্ত্রণাদায়ক। ক্ষতিগ্রস্তদের জন্য যতটা সম্ভব করব। আপনারা কেউ একা ভাববেন না নিজেদের। একসঙ্গে আমরা ফের সব গুছিয়ে নেব, বাঁচার আলো খুঁজে পাব।'



















