Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
Yuzvendra Chahal: মুসৌরিতে কুলদীপ যাদবের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

মুসৌরি: রাত পোহালেই কুলদীপ যাদবের বিয়ে (Kuldeep Yadav Wedding)। বাগদত্তা বংশিকার সঙ্গে সাত পাকে ঘুরবেন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর আগে শুক্রবার থেকেই বিশ্বচ্যাম্পিয়নের বিয়ের না না অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিশেষ অতিথিরা অনেকেই পৌঁছেও গিয়েছেন। সেই বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন যুজবেন্দ্র চাহালও (Yuzvendra Chahal)।
এক সময় তাঁরা একত্রে কব্জির মোচড়ে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতেন। এখন দুইজনে একজনই ভারতীয় দলে খেলছেন। তবে কুল-চা জুটির কুলদীপ ও যুজবেন্দ্র চাহালের বন্ধুত্ব কিন্তু এখনও অটুট। আর এক বন্ধু বিয়ে করছে, আরেক বন্ধু সেখানে থাকবে না, তাও হয় নাকি? সেই কারণেই তারকা ক্রিকেটার নিজের প্রিয় সতীর্থের বিয়েতে পৌঁছে গিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েই চাহালকে বলতে শোনা যায়, 'আমি দারুণ উত্তেজিত আমার ভাইয়ের বিয়ে নিয়ে। অনুষ্ঠানে প্রচুর নাচ করতে চাই। খুব আনন্দ করতে চাই। ওঁরা খুব সুখী হোক।'
শনিবার, ১৪ মার্চ কুলদীপের বিয়ে। তার আগে শুক্রবার ছিল গায়ে হলুদ, পুণ্য স্নানের মতো রীতিগুলি। সেই গায়ে হুলদের আগেই কিন্তু নিজের নাচের মুভে নজর কাড়লেন যুজবেন্দ্র চাহাল। 'পান কি দুকান' নামক এক বলিউড গানে কোমড় দোলাতে দেখা যায় চাহালকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। এরপরে কুলদীপের গায়ে বেশ হেসে হেসে হলুদও লাগান চাহাল।
डेस्टिनेशन पर पहुंचते ही चहल अपने सबसे खास दोस्त कुलदीप यादव के साथ जमकर नाचे।
— Jaiky Yadav (@JaikyYadav16) March 13, 2026
Yuzi: कमबैक फिर कभी कर लेंगे पहले नाच लेता हूं कुलदीप भाई की शादी बार-बार थोड़ी होगी।😀pic.twitter.com/7eFQOwvhCf
প্রসঙ্গত উল্লেখ্য, শুধু চাহাল একা নন, ইতিমধ্যেই নিজের বাগদত্তাকে নিয়ে কুলদীপ যাদবের বিয়েতে যোগদান করতে মুসৌরি উড়ে গিয়েছেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন রিঙ্কু সিংহও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আমন্ত্রিতর তালিকা প্রায় ২০০ জনের। এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মা উপস্থিত থাকতে পারেন এই বিয়ের অনুষ্ঠানে। তারকা পেসার জসপ্রীত বুমরাও আসতে পারেন সতীর্থের বিয়ের অনুষ্ঠানে। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার রিঙ্কু সিংহ, তিলক বর্মা ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে। আসতে পারেন কিংবদন্তি সুনীল গাওস্করও। তবে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর থাকবেন কি না, এখনই বলা যাচ্ছে না।



















