Pant-Dhoni: এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও
Viral Video: ধোনিকে বরাবর তাঁর আইডল বলে এসেছেন পন্থ। সেই ধোনির সঙ্গে বারংবার অতীতেও দীপাবলির মতো উৎসবে একসঙ্গে আনন্দ মাততে দেখা গিয়েছে পন্থকে। এবার ভারতীয় দলের সেকাল-একালকে ফের একবার একসঙ্গে দেখা গেল।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভারতের ওয়ান ডে ম্যাচ চলাকালীন বিলেতে একইসঙ্গে স্ট্যান্ডে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও ঋষভ পন্থকে (Rishabh Pant)। এবার ফের একবার গুরু-শিষ্যকে একসঙ্গে, এক ফ্রেমে দেখা গেল।
ধোনিকে বরাবর তাঁর আইডল বলে এসেছেন পন্থ। সেই ধোনির সঙ্গে বারংবার অতীতেও দীপাবলির মতো উৎসবে একসঙ্গে আনন্দ মাততে দেখা গিয়েছে পন্থকে। এবার ভারতীয় দলের কিপার-ব্যাটারের সেকাল-একালকে ফের একবার একসঙ্গে দেখা গেল। ধোনি ও পন্থকে বর্তমানে ভাইরাল এক ভিডিওতে বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে পার্টি করতে দেখা গেল। ক্যামেরার সামনে একগাল হাসি নিয়ে দুইজনকে পোজ় দিতে দেখা যায়। সেই ভাইরাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে 'অ্যায় দিল হে মুশকিল' থেকে 'চান্না মেরেয়া', অরিজিৎ সিংয়ের একাধিক গান বাজতেও শোনা যায়।
Rishabh Pant & MS Dhoni together pic.twitter.com/s8ECODKh5W
— Riseup Pant (@riseup_pant17) September 2, 2026
ভিডিওতে পন্থকে টি-গ্রিন কোঅর্ড সেট পরিহিত দেখায়। মাহির পরনে ছিল নীল রঙের ফ্লোরাল শার্ট ও সবুজ রঙের ট্রাউজার। ভিডিওতে ধোনিদের ছবির জন্য পোজ় দেওয়ার জন্য পন্থকে বারংবার ডাকতে দেখা যায়। এই ভিডিও ফের একবার দুই কিপার-ব্যাটারের মধ্যেকার সম্পর্কের সমীকরণটা সকলের সামনে স্পষ্ট করে দেয়।
আরও পড়ুন:- মিথ্য়ে চোটের দোহাই দিয়ে মাঠে না নামার অভিযোগ, দুই বছরের জন্য নির্বাসিত হচ্ছেন পাকিস্তান তারকা?
একদিকে পন্থ সদ্যই শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে রান পেয়ে তাঁর বিরুদ্ধে উঠা প্রশ্নের জবাব দিয়েছেন। অপরদিকে, ধোনির ক্রিকেট ভবিষ্যৎ ঘিরেই বর্তমানে জোর জল্পনা শুরু হয়েছে।
ধোনি গত মরশুমে আনক্যাপড খেলোয়াড় হিসাবে দলে থাকলেও, একটিও ম্যাচে খেলতে নামেননি। চোটআঘাতে ভুগেছেন তিনি। সিএসকেও হতাশাজনক এক মরশুম কাটায়। লিগ তালিকায় আট নম্বরে শেষ করে হলুদ ব্রিগেড। তাই পরের মরশুমের আগে দলে বিরাট বদলের প্রয়োজন। ইতিমধ্যেই দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংও দায়িত্ব ছেড়েছেন। তাই সিএসকের সামনে এখন অনেক সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে।
সিএসকে কোচ হওয়ার দৌড়ে ব্র্যান্ডন ম্যাকালামের মতো অনেকের নামই উঠে আসছে। তবে শোনা যাচ্ছে ধোনিকে নাকি খেলোয়াড় থেকে কোচ বা মেন্টরের ভূমিকায় স্থানান্তরিত করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, সিএসকের তরফে আপাতত প্রাক মরশুমের সমস্ত কার্যকলাপ স্থগিত রাখা হয়েছে। আগে ধোনি ভিন্ন ভূমিকায় সিএসকের সঙ্গে নিজের সফর অব্যাহত রাখবেন কি না, সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন, তারপরেই বাকিটা হবে বলে দাবি করা হচ্ছে।




















