T20 World Cup: হেলমেটের নীচে মাথায় বাঁধা ফেট্টিই যত নষ্টের গোড়া? অভিষেককে ফর্মে ফেরার রহস্য জানালেন পানেসর
Abhishek Sharma: সুপার এইটের মহারণে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে ১২ বলে অভিষেকের ব্যাট থেকে এসেছে ১৫ রান। তাঁর অফফর্ম নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে।

মুম্বই: ৪ ম্য়াচ খেলে মাত্র ১৫ রান ঝুলিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারের ব্যাটে এই রান নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। গ্রুপ পর্বে তিন ম্য়াচে খেলে কোনও খাতাই খুলতে পারেননি। সুপার এইটের মহারণে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে ১২ বলে অভিষেকের ব্যাট থেকে এসেছে ১৫ রান। তাঁর অফফর্ম নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। কিন্তু কেন বারবার এভাবে ব্যর্থ হতে হচ্ছে তরুণ এই ওপেনারকে?
ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর এক অদ্ভুত যুক্তি দিয়েছেন। তিনি মনে করেন যে ব্যাট করতে নামার সময় অভিষেক মাথায় যে লাল ফেট্টি বেঁধে নামেন, তা খুলে দিতে। তাহলেই না কি রানে ফিরবেন অভিষেক শর্মা। পানেসর বলছেন, ''খারাপ সময়ে অভিষেকের পাশেই দাঁড়ানো উচিৎ সবার। কিন্তু আমি বলব যে তুমি ব্যাটিং করতে যাওয়ার সময় হেলমেটের নীচে যে লাল ফেট্টিটা পড়ে থাকো, সেটি ফেলে দাও। সম্ভবত সেটিই ওর রান থামিয়ে দিচ্ছে বারবার।''
প্রোটিয়াদের বিরুদ্ধে খাতা খুলতে পেরেছিলেন অভিষেক। কিন্তু তবুও বাঁহাতি ওপেনারকে একেবারেই আত্মবশ্বাসী মনে হয়নি সুনীল গাওস্করের। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে লিটল মাস্টার বলছেন, ''ব্যাট হাতে স্বপ্রতিভ একেবারেই মনে হয়নি অভিষেককে। নেটে আপনি জানেন য়ে একবার আউট হয়ে গেলেও পরের বলটা ফের খেলার সুযোগ পাবেন। কিন্তু আসল ম্য়াচে তো তেমনটা হয় না। ম্য়াচের ক্ষেত্রে গল্পটা একদম আলাদা। চাপ থাকে। অভিষেক খোলা মনে হাতই খুলতে পারেনি রবিবারের ম্য়াচে। প্রোটিয়া বোলাররাই সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। ওরা জানত যে অফ সাইডে জায়গা করে খেলা পছন্দ করে অভিষেক। তাই রাবাডা ক্রমাগত প্যাডে বল করে গিয়েছে। এমনকী একটি ছক্কা হাঁকানোর পরও।''
ভারতের হয়ে ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে নামছেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ঝোড়ো ম্য়াচ জেতানো অর্ধশতরান হাঁকিয়েছিলেন ঈশান। কিন্তু শেষ দুটো ম্য়াচে একেবারেই রান পাননি। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে তো খাতাই খুলতে পারেননি ঈশান। তাহলে কি তিনিও চাপে পড়ে গিয়েছেন? অভিষেক নায়ার মনে করেন, ''অভিষেক এই দলে স্ট্রাইক নিয়ে মারমুখি মেজাজে ব্যাটিং করত। কিন্তু টানা শূন্য রানে ও আউট হওয়ায় ঈশান কিষাণের ওপর চাপ বাড়ছে। ও দারুণ ছন্দে ছিল। কিন্তু অভিষেক এভাবে প্রতি ম্য়াচে দ্রুত আউট হয়ে যাওয়ায় ঈশানও ছন্দ হারিয়ে ফেলছে। সাপোর্ট পাচ্ছে না। যা ভারতের চাপ কিন্তু বাড়াচ্ছে।''




















