Pakistan Cricket Team: 'আপনি কি নিজেই অধিনায়কত্ব ছাড়বেন?' বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই প্রশ্ন আঘাকে, কী বললেন পাক অধিনায়ক?
T20 World Cup 2026: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান শনিবার ৫ রানে জয় পেলেও, তা সেমিফাইনালে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না।

পাল্লেকেলে: শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টানটান ম্যাচ জিতে বিশ্বকাপ (T20 World Cup 2026) অভিযান শেষ করে পাকিস্তান। সুপার এইটে নিজেদের শেষ ম্য়াচ জিতলেও, পাকিস্তানের (Pakistan Cricket Team) ক্ষেত্রে জয়ের ব্যবধান সেমিফাইনালে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচশেষে তাই পাকিস্তান অধিনায়ককে নিজের ভবিষ্যৎ নিয়ে তির্যক প্রশ্নের সম্মুখীন হতে হয়।
ম্যাচের পরেই সাংবাদিক সম্মেলনে নিজেই উপস্থিত হয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। সেখানেই এক সাংবাদিক কোনও রাখঢাক না করেই আঘাকে জিজ্ঞেস করেন, 'আপনার কি মনে হয় আপনি পাকিস্তানের ডামি অধিনায়ক? আপনি কি নিজেই অধিনায়কত্ব ছাড়বেন না পিসিবির সিদ্ধান্তের অপেক্ষা করবেন?'
সাংবাদিকের এহেন প্রশ্ন অনেক সময়ই অনেক এড়িয়ে যান। তবে আঘা তা করেননি। তিনি বরং বলেন, 'আপনি এই প্রশ্নের জবাবটা না দিলে অসম্মান করা হবে। এই বিষয়ে আমি যদি এখনই কোনও সিদ্ধান্ত নিয়ে, তাহলে সেটা আবেগতাড়িত হয়ে নেওয়া হবে। তাই আপাতত আমি বাড়ি ফিরে যাই। সেখানে গিয়ে ভাবনাচিন্তা করে তারপরে নিজের অধিনায়কত্বের বিষয়ে কোনও একটা সিদ্ধান্ত নেব।'
শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের আগেই অবশ্য বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল সলমন আলি আঘার ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে। PTI-র রিপোর্ট অনুযায়ী এই বিশ্বকাপেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার শেষ বারের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে নামবেন। নকভিকে পাকিস্তানের বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা আশ্বস্ত করেছেন যে দল বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল। তবে তাতেও সন্তুষ্ট হচ্ছেন না নকভি।
বিশ্বকাপের পরেই নকভি পাকিস্তানের কোচ মাইক হেসন এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে রিপোর্টে জানানো হয়েছে। সেখানেই দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে বলেই খবর। সেখানে অধিনায়ক হিসাবে আঘার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বলেই শোনা যাচ্ছিল।
গোটা বিষয়ে অবগত এক সূত্র PTI-কে জানান, 'নকভিকে এবার নির্বাচক, টিম ম্য়ানেজমেন্ট এবং বোর্ডে তাঁর কাছের লোকজনরা নিশ্চিত করেছিলেন যে দল বিশ্বকাপে ভাল পারফর্ম করার জন্য সেট। তাও দলের এহেন পারফরম্যান্সে নকভি একেবারেই খুশি নন। সলমন (আলি আঘা), বাবর আজম, উসমান খান এবং আরও কয়েকজন ক্রিকেটারের হয়তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের যবনিকা পতন ঘটবে। তাই বিশ্বকাপের পর পাকিস্তানের সেট আপে বড়সড় রদবদলের আশা করা যায়।'
তবে আঘাকে ছাঁটাই করা হলে তাহলে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন? সেক্ষেত্রে শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদির নাম উঠে আসছে।




















