Ranji Trophy Final: ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর, রঞ্জি চ্যাম্পিয়ন দলের জন্য বিরাট পুরস্কারের ঘোষণা ওমর আবদুল্লার
Ranji Trophy 2025-26: ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দেখে দিনের দ্বিতীয় সেশনেই দুই দলের ক্রিকেটাররা হাত মিলিয়ে খেলা শেষ করেন। প্রথম ইনিংসে লিডের সুবাদে ম্যাচ জিতে রঞ্জি খেতাবও জেতে জম্মু ও কাশ্মীর।

হুব্বাল্লি: ভারতীয় ঘরোয়া ক্রিকেট মরশুমের শুরুতে কে রঞ্জি (Ranji Trophy 2025-26) চ্যাম্পিয়ন হতে পারে এই প্রশ্নের উত্তরে কেউই হয়তো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নাম নিতেন না। তবে সব হিসেব নিকেশ, বিশ্লেষণকে পিছনে ফেলে শক্তিধর দলগুলিকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন আকিব নবিরা। নিজেদের ইতিহাসে প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে জম্মু ও কাশ্মীর। এবার চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।
শনিবার, ২৮ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজই কর্ণাটককে হুব্বাল্লিতে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে জম্মু ও কাশ্মীর। রাজ্যের ক্রিকেট দলের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে মাঠে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজে। গতকালই তিনি শ্রীনগর থেকে রঞ্জি ফাইনালের ভেন্যু হুব্বাল্লিতে উড়ে এসেছিলেন। আজ চোখের সামনে সুনীল জোশি প্য়াভিলিয়নে বসেই তিনি আকিব নবি, পারস ডোগরাদের ইতিহাস রচনা করতে দেখেন। দলের সেলিব্রেশনে ওমর আবদুল্লা সামিলও হন।
অজয় শর্মার নেতৃত্বে এই ঐতিহাসিক জয় জম্মু ও কাশ্মীরের ক্রিকেটকে চিরতরে বদলে দেবে বলে মনে করছেন অনেকেই। যে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা এই স্বপ্নকে বাস্তবায়িত করলেন, তাদের জন্য় বিশেষ পুরস্কারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দফতর থেকে জানিয়ে দেওয়া হল রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীর দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের দুই কোটি টাকার আর্থিক পুরস্কারমূল্য দেওয়া হবে। এখানেই কিন্তু শেষ নয়, জম্মু ও কাশ্মীর সরকার সদ্য অভূতপূর্ব ক্রীড়াবিদদের জন্য যে উদ্যোগ নিয়েছে তার অধীনে খেলোয়াড়রা সরকারি চাকরিও পাবেন বলে জানানো হয়।
Congratulating Team J&K on their historic triumph in the Ranji Trophy, the Chief Minister announced a cash reward of ₹2 crore for the players and support staff after their emphatic victory over Karnataka on their home turf.
— Office of Chief Minister, J&K (@CM_JnK) February 28, 2026
Calling it a watershed moment for Jammu & Kashmir… pic.twitter.com/OnRJCa1EoB
রঞ্জির চতুর্থ দিনের খেলাশেষেই কিন্তু দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গিয়েছিল। শনিবার, ম্যাচের শেষ দিন কার্যত নিয়মরক্ষা বাকি ছিল। জম্মু-কাশ্মীর টানা ব্যাট করে কর্নাটককে ম্যাচ থেকে ছিটকে দিল। ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দেখে দিনের দ্বিতীয় সেশনেই জম্মু ও কাশ্মীর এবং কর্ণাটকের ক্রিকেটাররা হাত মিলিয়ে খেলা শেষ করেন। প্রথম ইনিংসে লিডের সুবাদে ম্যাচ জিতে রঞ্জি খেতাবও জিতে নেয় জম্মু ও কাশ্মীর।




















